১১:৪৯ এম
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে মাদক পাচার চক্রের প্রধান হিসেবে অভিযুক্ত সাবেক শিক্ষার্থী আগোস্তিনো আবাতিয়েল্লোর জামিন আবেদন আদালত নাকচ করে দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) এক ফেডারেল বিচারক তাকে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দিয়েছেন।
২৪ বছর বয়সী আবাতিয়েল্লোর বিরুদ্ধে পাঁচ কেজির বেশি কোকেন বিক্রির ষড়যন্ত্র এবং কোকেন বিতরণের ছয়টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে পেনসিলভানিয়ার স্টেট কলেজ এলাকায় এই মাদক চক্র কার্যক্রম চালিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের সতর্কতা: ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সাবধান করলেন
যদি মাদক পাচারের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার অন্তত ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে আবাতিয়েল্লো সকল অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আদালতে সরকারি আইনজীবীরা বলেন, আবাতিয়েল্লো সমাজের জন্য বিপজ্জনক এবং পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জানান, তদন্তে সহযোগী সাক্ষী, নিয়ন্ত্রিত মাদক কেনাকাটা, তল্লাশি পরোয়ানা এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
এদিকে, তার আইনজীবী এডওয়ার্ড রিমজা জামিন না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, তার মক্কেল আগে আড়াই লাখ ডলার জামিনে মুক্ত ছিলেন এবং আদালতের নির্দেশ পালন করেছেন, কোনো শর্ত ভঙ্গ করেননি। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।
এ ঘটনায় অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে। বিশ্ববিদ্যালয় অভিযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুটি ছাত্রসংগঠনের স্বীকৃতিও বাতিল করেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিখোঁজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন