০৬:৪০ পি.এম
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন এবং সেন্টার ফর হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্দেশ্য হলো টেকসই আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়ন উদ্যোগে গবেষণা, উদ্ভাবন, শিক্ষা, প্রদর্শনীমূলক কার্যক্রম এবং বাস্তবায়নে কৌশলগত সহযোগিতা প্রতিষ্ঠা করা।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং এইচবিআরসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক পিইঞ্জ উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত এমওইউ’র কপি বিনিময় করা হয়।
এ সময় স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ ও ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা ও নকশাগত উদ্ভাবন, টেকসই, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং বসতি উন্নয়ন, পানির নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। এছাড়া টেকসই নির্মাণসামগ্রী ও প্রযুক্তির ব্যবহার, ভবনের কার্যকারিতা উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্টার্নশিপ এবং পেশাগত দিকনির্দেশনা প্রদানের বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় নকশা প্রতিযোগিতা, স্টুডিও কার্যক্রম, কর্মশালা, সেমিনার এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আয়োজনের পাশাপাশি প্রদর্শনীমূলক প্রকল্প, নমুনা প্রকল্প তৈরি এবং পরীক্ষামূলক বাস্তবায়নেও দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে কারিগরি প্রকাশনা, গবেষণালব্ধ জ্ঞান প্রচার এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারণী বিষয়ে সহায়তা প্রদানের সুযোগ তৈরি হবে।
এছাড়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে একাডেমিক জ্ঞানের সঙ্গে মাঠপর্যায়ের গবেষণা, পেশাগত চর্চা ও বাস্তব প্রয়োগের সমন্বয় ঘটবে। পাশাপাশি স্থানীয় প্রেক্ষাপটের উপযোগী উদ্ভাবনী ও সাশ্রয়ী স্থাপত্য, প্রকৌশল এবং পরিকল্পনাবিষয়ক সমাধান উন্নয়নের ক্ষেত্র তৈরি হবে।
আরও পড়ুন: শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন