প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন জগতে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ের জন্য যাওয়ার সময় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। জানা যায়, শুটিংয়ের প্রস্তুতির জন্য হোটেলকক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা। পরে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী ও সহশিল্পীরা শোক প্রকাশ করছেন। প্রয়াত এই অভিনেতাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী দীপা খন্দকার।
ফেসবুক পোস্টে দীপা খন্দকার উল্লেখ করেন, ‘আহা কি দারুণ। ক্যামেরার সামনে দাড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..’
প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু হয়। এরপর তিনি টেলিভিশন নাটকে নিয়মিত হয়ে ওঠেন। একক নাটক ও ধারাবাহিক—দুই মাধ্যমেই অভিনয় করে তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন।
ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। সোহেল খানের অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা গেছে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন সোহেল খান। এই সিনেমায় তাকে একটি গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যায়।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি অর্জন করেছিলেন সোহেল খান। তার আকস্মিক প্রয়াণে সহকর্মী, ভক্ত ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন