প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিষেক টেস্টের শেষ ইনিংসে নাসের খান মারুফখিল অসাধারণ সেঞ্চুরি উপহার দিয়েছেন। তার দুর্দান্ত ইনিংসে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে আফগানিস্তান শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। উত্তেজনা, নাটকীয়তা, পাল্টাপাল্টি লড়াই এবং আবেগে ভরপুর এই ম্যাচের শেষ হাসি হাসতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে।
শারজাহ টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে পরাজিত করে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।
২০০৪ সালে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর পর এটি জিম্বাবুয়ের দুই বা ততোধিক টেস্টের সিরিজে প্রথম জয়।
ম্যাচে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরার পুরস্কার জিতেছেন ব্লেসিং মুজারাবানি।
তবে শেষ দিনের সেরা পারফরম্যান্স ছিল মারুফখিলের। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি প্রায় ৩৪৫ মিনিট ক্রিজে ছিলেন, নিজের উইকেটকে দুর্গের মতো রক্ষা করেছেন। তিনি ২৪২ বল খেলে ১০ চারে ১০১ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৩৩৯ রান সংগ্রহ করে। আফগানিস্তান ২১৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ১২২ রানের লিড পাওয়ার পর, জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে এবং আফগানিস্তানের সামনে ৪১৮ রানের লক্ষ্য রাখে।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের লোয়ার অর্ডার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গ্রায়েম ক্রেমার অপরাজিত ৫০ এবং মুজারাবানি ৫৯ রান করে নবম উইকেটে ৯০ রানের জুটি গড়েন। তাদের এই প্রতিরোধের ফলে জিম্বাবুয়ে বড় সংগ্রহ করতে সক্ষম হয়।
৪১৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান একসময় লড়াই চালালেও শেষ পর্যন্ত ৩৬০ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৭ রানের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
ম্যাচজুড়ে মুজারাবানি ছিলেন জিম্বাবুয়ের তুরুপের তাস। প্রথম ইনিংসে ৫৯ রান করার পাশাপাশি দুই ইনিংসেই তিনটি করে মোট ৬ উইকেট শিকার করেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সই জিম্বাবুয়েকে সিরিজ জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।
এই জয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন