প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে বিশ্বকাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপায় ঘরে তুলেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার এই কিংবদন্তি স্কুলজীবনে পড়াশোনায় কতটা ভালো ছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার পুরোনো একটি নম্বরপত্র সেই প্রশ্নের উত্তর সামনে এনেছে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়াশোনা করতেন মেসি।
সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার নম্বরপত্রের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে ফাঁস হয়েছে, তা জানা যায়নি। কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
মেসির সপ্তম শ্রেণির সেই নম্বরপত্র
নম্বরপত্রে দেখা যাচ্ছে, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে।
মেসির নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি। তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, নম্বরপত্রে মেসির ফলাফল মোটামুটি গড়পড়তা হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন শিক্ষকেরা।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, "সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।"
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব এবং ফুটবলের প্রতি অনুরাগের কথা জানিয়েছেন।
তিনি বলেন, "সে (মেসি) খুব শান্ত ছিল; কিন্তু অনেক বন্ধু ছিল; সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত, ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।"
এর আগে রোজারিওতে শৈশব স্মরণ করে মেসি বলেছিলেন, "সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।" বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন