ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির


তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, দেশের তৈরী পোশাক শিল্পে দীর্ঘকাল ধরে যে অব্যবস্থাপনা ও অনিয়ম বিদ্যমান, তা দূর করতে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজ দুপুরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসে। রাষ্ট্রপতি এ সময় এসব কথা বলেন।

আরও পড়ুন: রাউজানে মসজিদ ভাঙচুর ও জায়গা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বাসসকে এই তথ্য জানান। বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আগামী ১৯ নভেম্বর ২০২৬, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাবনায় আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন, সংসদ সদস্য শামসুর রহমানের উপস্থিতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছরের জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় সহায়তা প্রদান করেছেন। এই তথ্য আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, মারিয়ামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

এ প্রেক্ষিতে, আজ দুপুরে ঢাকায় চিকিৎসার জন্য আসা মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার-এর প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধিদল মারিয়ামের চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন, পাশাপাশি চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি, ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।

জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত। এই রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। শিশুটির মা নাহিদ আখতার তার মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।

অসুস্থ জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান করায় তার পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা একই সঙ্গে জান্নাতুল মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রম অধিকার ও শিল্পখাতে সহযোগিতা জোরদারে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


শ্রম অধিকার ও শিল্পখাতে সহযোগিতা জোরদারে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

শ্রম অধিকার ও শিল্পখাতে সহযোগিতা জোরদারে আইএলও ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময়

 

বাংলাদেশে শ্রম অধিকার, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে, আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং সিনিয়র পোগ্রাম অফিসার রিফাত জাবীন খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের সুরক্ষা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়।

আলোচনায় আইএলও-এর শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থানের লক্ষ্য ও বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে পারস্পরিক মিলের বিষয়টি গুরুত্ব পায়।

 

উভয় পক্ষই শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।

দুই পক্ষ ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে সম্মত হন। আলোচনাটি পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়। আইএলও এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে আরো কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

 

সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল ঘশ এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমেরিকাকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঙ্কার মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


আমেরিকাকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঙ্কার মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্যে প্রায় এক মাসের আপেক্ষিক শান্তির পর নতুন করে যুদ্ধ ও সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছেন।

সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর দেওয়া তার প্রথম বিশেষ বার্তায় তিনি বলেছেন, মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন "অবিস্মরণীয় শিক্ষা" সঞ্চিত রয়েছে যা তারা কখনো ভুলবে না।

 

রোববার প্রচারিত এই বার্তায় মোজতবা খামেনি তার দেশের সামরিক শক্তি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, বিরতির পর যুদ্ধক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনে ইরানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট এবং মার্কিন সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় তার এই কঠোর বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, সাময়িক বিরতির পর মোজতবা খামেনির প্রথমবার মুখ খোলা এবং সরাসরি ওয়াশিংটনকে নিশানা করা বার্তাটি স্পষ্ট করে যে, আঞ্চলিক সংঘাত সহজে প্রশমিত হচ্ছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রুট ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই বৈরিতা আরও তীব্র রূপ নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫০, মৃত্যু ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫০, মৃত্যু ১

চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) এই রোগে আক্রান্ত ৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত আগস্ট মাসে গড়ে প্রতিদিন ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়।

এদিকে, বুধবার খালেদা বেগম (৪৭) নামের এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

বুধবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান সই করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, খালেদা বেগম নামের ওই নারী চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ১৮৬ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৫ জন।

 

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্য রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এটি চলতি বছরের মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের শুরুতে যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তা গত মাসের আক্রান্তের তুলনায় অনেক বেশি হতে পারে।

 

জানা যায়, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২ হাজার ১৮৬ জন। এর মধ্যে নগরে ৯৩৬ জন, জেলায় ৯৫৫ জন এবং চট্টগ্রামের বাহির থেকে আসা রোগী ২৯৫ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১ হাজার ১৫১ জন, নারী ৬০২ জন এবং শিশু ৪৩৩ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৮৭ জন। সরকারি হাসপাতালে ১ হাজার ৮৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৩৯ জন ভর্তি হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%