০৭:০৭ পি.এম
উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু বগুড়া এবং এর পার্শ্ববর্তী এলাকা একটি আধুনিক, পরিকল্পিত এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামীকাল সোমবার মহান জাতীয় সংসদ অধিবেশনে দীর্ঘ প্রতীক্ষিত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ উত্থাপন করা হবে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ কর্তৃক প্রকাশিত কার্যসূচির তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সংসদের বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপনের জন্য অনুমতি চাইবেন। অনুমতি পাওয়ার পর বিলটি সংসদে উত্থাপন করা হবে এবং পর্যালোচনা করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।
সূত্রে জানা গেছে, এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৪তম বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ -এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদিত এই আইনটির উদ্দেশ্য হলো বগুড়া অঞ্চলে অপরিকল্পিত নগরায়ণ রোধ করা, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এবং পর্যটন ও তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ঘটানো।
আরও পড়ুন: দুর্যোগ মোকাবিলায় সংস্থাগুলোর সক্ষমতা অনুযায়ী দায়িত্ব বণ্টনের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
খসড়া আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকা নিয়ে একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হবে। এই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সংশোধিত সীমানার মধ্যে কোনো ভবন নির্মাণ বা উন্নয়ন প্রকল্প পরিচালনা করা যাবে না।
প্রস্তাবিত আইনে জলাশয়, নদী-নালা ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনুমোদনহীন নির্মাণ ও জলাধার ভরাটের মতো অপরাধের জন্য কঠোর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া আধুনিক ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে ল্যান্ড রিডজাস্টমেন্ট ও ল্যান্ড রিডেভেলপমেন্ট পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংসদে বিলটি উত্থাপনের পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দ্রুততম সময়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন