প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের আদালত কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজক মিশেল জেকলারকে বর্ণবাদী নির্যাতন ও মারধরের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন। ২০২০ সালের প্যারিসে জেকলারের ওপর হামলার ঘটনায় বর্ণবাদকে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে শুক্রবার (২০ নভেম্বর) এই রায় প্রদান করা হয়েছে।
আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, ৪৭ বছর বয়সী জেকলার ঘটনার বিষয়ে ধারাবাহিকভাবে একই বক্তব্য প্রদান করেছেন। তিনি অভিযোগ করেছেন, মারধরের সময় পুলিশ কর্মকর্তারা তাঁকে বর্ণবাদী গালাগাল করেছেন। আদালত আরও জানায়, পুলিশি প্রতিবেদন জাল করার বিষয়টি কর্মকর্তাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে।
রায়ে অরেলিয়াঁ লাপেরসন (২৯) ও ফিলিপ তোন্দ্যু (৫০) প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে লাপেরসনের তিন বছর এবং তোন্দ্যুর সাড়ে তিন বছর স্থগিত সাজা। বাকি সাজা তাঁরা কারাভোগ করবেন। তবে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ পরে কার্যকর হবে।
অন্যদিকে পিয়ের প্লঁতিয়েকে (৩৭) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার চার বছর স্থগিত। তাঁকে বাকি এক বছর কারাগারের পরিবর্তে ইলেকট্রনিক নজরদারির আওতায় নিজ বাসায় সাজা ভোগ করতে হবে। তিন কর্মকর্তাকেই স্থায়ীভাবে পুলিশে চাকরি করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এই ঘটনা ২০২০ সালের ২১ নভেম্বর, করোনা মহামারির সময় ঘটে। প্যারিসে নিজের স্টুডিওর বাইরে জেকলারকে থামান পুলিশ কর্মকর্তারা। মাস্ক না পরার অভিযোগ তুলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পুলিশ দাবি করে, তিনি এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
তবে জেকলারের স্টুডিওর নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তাঁকে স্টুডিওর প্রবেশপথের ভেতরে নিয়ে মারধর করছেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে, ঠোঁট ও মাথার ত্বকে ক্ষত হয় এবং বাহুর বাইসেপস টেন্ডন পুরোপুরি ছিঁড়ে যায়।
জেকলারের অভিযোগ, মারধরের সময় তাঁকে কয়েকবার বর্ণবাদী গালাগাল করা হয়। আদালত জানায়, মারধরের পর হাতকড়া পরানোর সময় তিনি এক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তাকে এ অভিযোগ জানিয়েছিলেন। পরে থানায়, হাসপাতালে নেওয়ার পথে এবং স্বজনদের কাছেও একই অভিযোগ করেন তিনি।
পুলিশ কর্মকর্তারা জেকলারকে মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি তাঁদের ওপর হামলা করেন এবং তাঁদের একজনের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ভিডিও ফুটেজ তাঁদের এ বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া ঘটনাটি আড়াল করতে পুলিশি প্রতিবেদন জাল করার দায়েও কর্মকর্তারা দোষী সাব্যস্ত হয়েছেন।
শুক্রবার রায় ঘোষণার আগে তিন কর্মকর্তাই জেকলারের কাছে ক্ষমা চান। তাঁদের মধ্যে প্লঁতিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। রায়ের পর আদালত থেকে বের হলে উপস্থিত লোকজন জেকলারকে করতালি দিয়ে স্বাগত জানান। তাঁর আইনজীবী সের্জ মানি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং একজন মানুষের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে।
ফ্রান্সে পুলিশি নির্যাতনের অভিযোগে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তুলনামূলক বিরল। এ রায়ে নির্যাতনের ঘটনায় বর্ণবাদকে গুরুতর কারণ হিসেবে স্বীকৃতি দেওয়াকে দেশটিতে পুলিশি সহিংসতা ও বর্ণবৈষম্য নিয়ে চলমান বিতর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন