প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের উত্তরাঞ্চলের দাহি গ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় বিরোধী দলের একাধিক নেতা দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক শিবিরকে দায়ী করেছেন। বৃহস্পতিবারের এই ঘটনার পর পুলিশ অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
রাজনীতিকদের অভিযোগ, গত মাসের নির্বাচনে আরব জনগোষ্ঠীর দলগুলো নজিরবিহীন সাফল্য অর্জনের পর থেকে নেতানিয়াহু ও তার রাজনৈতিক জোটের নেতারা ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে বারবার উসকানিমূলক বক্তব্য প্রদান করছেন। তাদের দাবি, এই পরিস্থিতির ফলস্বরূপ মসজিদে হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, দাহি গ্রামের একটি মসজিদের নিচতলার একটি কক্ষে সন্দেহভাজন অগ্নিসংযোগ এবং কাছের একটি সড়কে দেয়াললিখনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় প্রতীকের ওপর যেকোনো ধরনের হামলাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানান, বৃহস্পতিবার নামাজের জন্য মসজিদে পৌঁছানোর পর তিনি ধোঁয়া ও আগুন দেখতে পান। মসজিদের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে তিনজন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজন প্রথমে মসজিদে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা মসজিদের দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে দাহ্য পদার্থভর্তি বোতল ছুড়ে মারেন।
ইমাম এ ঘটনাকে বর্ণবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি জানান, এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর মসজিদের আশপাশের কয়েকটি ভবনের দেয়ালে ‘প্রতিশোধ’ শব্দটি লিখে রাখা হয়েছে বলে ছবিতে দেখা গেছে।
নেতানিয়াহুবিরোধী জোটের শীর্ষ নেতা ইয়ার লাপিদ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘মসজিদে আগুন দেওয়া জঘন্য বিদ্বেষমূলক অপরাধ। এটি ইহুদিদের কাজ নয়, ইসরাইলিদের কাজও নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে ছড়ানো উসকানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানান। এ ধরনের বক্তব্যের জন্য নেতানিয়াহুর ডানপন্থি রাজনৈতিক শিবিরকে দায়ী করেন তিনি।
বামঘেঁষা ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ঘটনাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু ও তার সরকারের চালানো উসকানিমূলক প্রচারণারই পরিণতি এই হামলা।
আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিনও দাহি গ্রাম পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু, তার পুরো মন্ত্রিসভা এবং তার সঙ্গে থাকা সব উগ্রপন্থিকে আমরা দায়ী করছি। কারণ, তাদের বিপজ্জনক উসকানি এখন আমাদের জনগণের ওপর হামলার মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে।’
ইসরাইলের আরব নাগরিকেরা মূলত ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তারা।
নেতানিয়াহু এর আগে একাধিকবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর নির্বাচনী কার্যক্রমে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন