১০:১৮ এম
চাঁপাইনবাবগঞ্জে অধিক লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার অন্যতম মালিক নিশাত দিলরুবা জাহানকে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টা সময় রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০-এর একটি দল নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোসা. নিশাত দিলরুবা জাহান (৩৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেনের স্ত্রী। তিনি মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য। পাশাপাশি, তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানার ভাইয়ের স্ত্রী। তার স্বামী সানোয়ার হোসেনও ওই সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপনে ছিলেন নিশাত দিলরুবা জাহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
জানা গেছে, অধিক লাভ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা। পরে ওই সংস্থার বিরুদ্ধে প্রায় ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। টাকা ফেরত পাওয়ার দাবিতে ২০২২ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সংস্থাটির বিরুদ্ধে চার শতাধিক মামলা করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
এসব মামলায় বাদী গ্রাহকদের মোট আর্থিক দাবি প্রায় ৩২ কোটি টাকা। তবে মামলা করা চার শতাধিক গ্রাহকের বাইরে সংস্থাটির মোট গ্রাহক সংখ্যা প্রায় ৩৫ হাজার, এবং তাদের পাওনার পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, তার স্ত্রীসহ পরিবারের ১২ থেকে ১৩ জন সদস্য এবং কয়েকজন কর্মকর্তা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা
র্যাব জানাচ্ছে, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে তিন শতাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন