প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, থার্মাল ডিভাইস ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে, চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেন, "আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন গুজব ছড়াচ্ছে।" তবে, তিনি উল্লেখ করেন যে, এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, "ডিসেম্বর আমাদের বিজয়ের মাস।" এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ২০ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আধুনিক স্বয়ংক্রিয় সরঞ্জামে সজ্জিত রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, "দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।" ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন