প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য ও পশতুন অধিকারকর্মী আলী ওয়াজির ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বিচার-পূর্ব আটক অবস্থায় রয়েছেন। ২০২৬ সালের ১৬ মার্চ তিনি মুক্তি পেলেও একই দিন তার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পশতুন, যারা পাঠান নামেও পরিচিত, দক্ষিণ ও মধ্য এশিয়ার একটি প্রধান পূর্ব-ইরানীয় নৃগোষ্ঠী, যারা মূলত আফগানিস্তান এবং পাকিস্তানে বসবাস করে।
গত ২১ অক্টোবর সিন্ধুর দাদু এলাকার একটি সেশন আদালত তাকে একটি মামলায় খালাস দেন। তবে অন্যান্য মামলাগুলোর বিচারাধীন থাকার কারণে তিনি এখনো কারাগারে রয়েছেন। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগ আনছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিন্ধু কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে আলী ওয়াজিরকে মুক্তি দেওয়ার এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে যে, শান্তিপূর্ণ কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তাকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
আলী ওয়াজির, যিনি ৫০ বছর বয়সী একজন বিশিষ্ট পশতুন মানবাধিকারকর্মী এবং ‘পশতুন তাহাফুজ মুভমেন্ট’ (পিটিএম)-এর অন্যতম নেতা, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। পিটিএম খাইবার পাখতুনখোয়া থেকে গড়ে ওঠা একটি নাগরিক অধিকার আন্দোলন, যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং পশতুন সংখ্যালঘুদের ওপর বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
আলী ওয়াজির পাকিস্তানে তালেবানের তৎপরতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন, যার ফলে তার পরিবারও বারবার জঙ্গি হামলার শিকার হয়েছে। এসব হামলায় তার বাবা, দুই ভাই, দুই চাচা এবং তিন চাচাতো ভাই নিহত হয়েছেন। ২০১৮ সালের জুনে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি হামলায় পিটিএমের দুই সদস্য নিহত হন, যেখানে আলী ওয়াজিরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ঠিক আগে এ হামলার ঘটনা ঘটে।
২০২০ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ার থেকে প্রথমবার আলী ওয়াজিরকে গ্রেপ্তার করে পাকিস্তানের কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়, যেখানে বলা হয়, করাচিতে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এরপর তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি একটি মামলায় আদালত তাকে খালাস দেন এবং একই ধরনের আরো তিনটি মামলায় জামিন মঞ্জুর করেন। এরপর তাকে মুক্তি দেওয়া হয়।
২০২৩ সালের আগস্টে পিটিএমের অন্য সদস্যদের সঙ্গে আলী ওয়াজিরকেও আবার গ্রেপ্তার করা হয়। একই সময় মানবাধিকার আইনজীবী ইমান মাজারি-হাজিরকেও গ্রেপ্তার করা হয়। কয়েক মাস পর আলী ওয়াজির মুক্তি পান। ২০২৪ সালের ৪ আগস্ট একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় ইসলামাবাদ থেকে তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়, যার মধ্যে সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ এবং মাদকদ্রব্য রাখা অন্তর্ভুক্ত ছিল।
প্রায় এক মাস পর তিনটি মামলাতেই তিনি জামিন পান। তবে তাকে মুক্তি না দিয়ে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির একটি কারাগারে পাঠানো হয়। এজন্য ‘মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার’ (এমপিও) অধ্যাদেশের আওতায় পরপর দুটি আটকাদেশ জারি করা হয়। এসব আদেশের ফলে কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই তাকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আটক রাখার সুযোগ পায় কর্তৃপক্ষ।
পরে কর্তৃপক্ষ আলী ওয়াজিরকে পাঞ্জাবের বিভিন্ন কারাগারে স্থানান্তর করে, যার মধ্যে গুজরাট, ভাক্কার ও সারগোধা অন্তর্ভুক্ত ছিল। এ সময় তার বিরুদ্ধে আরো কয়েকটি এমপিও আটকাদেশ জারি করা হয়। পাশাপাশি ডাকাতির অভিযোগে করা একটি মামলায় তাকে কারাগারে আটকে রাখা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে বেলুচিস্তান প্রদেশের গাদানি কারাগারে স্থানান্তর করা হয়। ২০২৩ সালে দায়ের করা একটি মামলায় জামিন পেলেও সন্ত্রাসবিরোধী আইনে করা অন্য একটি মামলায় তাকে কারাগারে থাকতে হয়। ওই মামলায়ও জামিন পাওয়ার পর কর্তৃপক্ষ আলী ওয়াজিরকে চোকির একটি কারাগারে পাঠায়। সেখানে আরো দুটি এমপিও আটকাদেশের আওতায় তাকে আটক রাখা হয়।
আদালতের রায় সত্ত্বেও কারাবাস অব্যাহত
২০২৫ সালের ফেব্রুয়ারিতে আলী ওয়াজিরকে সিন্ধু প্রদেশে স্থানান্তর করা হয়। সেখানে সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পাওয়ার পরও তার মুক্তি ঠেকাতে কর্তৃপক্ষ এমপিও আইনে নতুন করে আটকাদেশ জারি করে। পরে তাকে নওশেরা ফিরোজ ও নবাবশাহর বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে থাকা অবস্থায় ভিডিও লিংকে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
২০২৫ সালের ১৩ আগস্ট একটি আদালত তার বিরুদ্ধে দায়ের করা একটি এফআইআর বাতিল করেন। একই বছরের ২৩ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর আরও দুটি মামলা থেকে তিনি খালাস পান।
২০২৬ সালের ১০ মার্চ সিন্ধু হাইকোর্টের একটি বেঞ্চ সর্বশেষ মামলায়ও তাকে জামিন দেন। এরপর ১৬ মার্চ তিনি সুক্কুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কিন্তু চার ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে আবার গ্রেপ্তার করা হয়।
প্রায় দুই দিন আলী ওয়াজিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ১৮ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। কর্তৃপক্ষ জানায়, নতুন একটি এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। পরে দাদু ও জামশোরোতেও আলী ওয়াজির বিরুদ্ধে একই ধরনের আরো দুটি মামলা করা হয়।
২০২৬ সালের ২১ অক্টোবর দাদুর একটি সেশন আদালত তাকে একটি মামলা থেকে খালাস দেন। তবে অন্য মামলাগুলো বিচারাধীন থাকায় তিনি এখনো কারাগারে রয়েছেন। একই দিন তার বিরুদ্ধে নতুন একটি সন্ত্রাসবিরোধী মামলা করা হয়।
আটক অবস্থায় চিকিৎসা থেকেও বঞ্চিত
বর্তমানে আলী ওয়াজির দাদু জেলা কারাগারে রয়েছেন। ২০২৬ সালের এপ্রিলে রক্তচাপ বেড়ে গেলেও চিকিৎসা না পাওয়ার প্রতিবাদে তিনি ৪৮ ঘণ্টার অনশন করেন। বারবার আদালত থেকে জামিন ও খালাস পাওয়ার পরও তাকে আটক রাখা, বিভিন্ন কারাগারে স্থানান্তর এবং নতুন মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, শান্তিপূর্ণ কর্মকাণ্ডের কারণে আলী ওয়াজিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন