০৩:৪৪ পি.এম
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীনস্থ মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও পরিবারের সূত্রে জানা গেছে, বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার নিয়মিত দাপ্তরিক কাজ শেষ করে অফিস থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে আদালত প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তার সন্ধান শুরু করা হয়।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
নাজির মাইনুল হাসান জানান, সর্বশেষ মঙ্গলবার বিকেলে বিচারক শেখ ফারহান নাদীমকে বরিশাল নগরীর সদর রোড এলাকায় দেখা গিয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। বুধবার তিনি কর্মস্থলেও উপস্থিত হননি এবং এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ বলেন, ‘মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম বুধবার অফিসে অনুপস্থিত ছিলেন। পরে খোঁজ নিয়ে আমরা জানতে পারি তিনি মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।’
এ বিষয়ে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুর মোরশেদ জানান, বিচারকের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে খুঁজে বের করতে তৎপরতা চলছে।
আরও পড়ুন: জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন