প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার পর ভুক্তভোগীসহ আশেপাশের তিনটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে মাদকের ডিলার দিনেশ এবং স্থানীয় সাবেক নারী কাউন্সিলরের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন ভুক্তভোগী মোছা. রেজিয়া বেগম সংবাদ সম্মেলনে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সৈয়দপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগটি পড়ে শোনান ভুক্তভোগীর বোনের মেয়ে মোহনী বেগম। এ সময় ভুক্তভোগীর স্বামী নজরুল ইসলাম, বোন আনোয়ারা ও মরিয়ম নেছা উপস্থিত ছিলেন।
রেজিয়া বেগম জানান, তিনি পূর্বে গাঁজার খুচরা বিক্রেতা ছিলেন, তবে ৬ মাস আগে তিনি তওবা করে মাদক বিক্রি বন্ধ করেছেন। মাদক বিক্রি বন্ধ করার পর থেকে গোলাহাট জেলেপাড়ার শ্রী দিনেশ চন্দ্র তাকে মাদক চালান নেওয়ার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে, মাদক বিক্রি না করলে তার বাড়িতে হামলা ও লুটপাটের হুমকি দেয়।
এ ঘটনার ধারাবাহিকতায়, গত ২৬ অক্টোবর রাত ৯টার দিকে ৪০-৫০ জনের একটি দল শহরের গোলাহাট বদ্ধভূমি সংলগ্ন রেজিয়া বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আশেপাশের আরও দুটি বাড়িতে হামলা চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, মাদক ডিলার দিনেশের ইন্ধনে এবং সাবেক নারী কাউন্সিলর সাবিয়া সুলতানার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে।
হামলায় নারী, শিশু ও দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধসহ অনেকেই আহত হন। আটটি গরু, চারটি ছাগল, স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করা হয়। ঘটনার সময় ভুক্তভোগী জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গোলাহাটের ঘোড়াঘাট এলাকায় পুলিশের গাড়ি আটকে দেয় দিনেশ এবং ওই কাউন্সিলরের লোকজন।
ভুক্তভোগী রেজিয়া বেগম অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। গরুসহ লুট হওয়া অন্যান্য জিনিসপত্র উদ্ধারের আশ্বাস দিলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন পর্যন্ত কিছুই ফিরে পায়নি।
স্থানীয় থানায় হামলার ঘটনায় অভিযোগ না নেওয়ার কারণে, ভুক্তভোগী রেজিয়া বেগম চলতি মাসের ৬ তারিখে নীলফামারী জজ আদালতে তিনটি পৃথক মামলা দায়ের করেন। মামলাগুলোর মধ্যে সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানাকে প্রধান বিবাদী করে মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। আদালতে করা মামলাগুলোর নম্বর সিআর ১১৭৪, সিআর ১১৭৯ ও সিআর ১১৮০।
হামলার পরও মাদক ডিলার দিনেশ চন্দ্র বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন রেজিয়া বেগম। তিনি বলেন, দিনেশ মোবাইলে তাকে জানিয়েছে, তার কাছ থেকে গাঁজা নিয়ে আবারও ব্যবসা শুরু না করলে তার স্বামী নজরুল ইসলামকে মাদক দিয়ে পুলিশে দেবে।
রেজিয়া বেগমের অভিযোগ, দিনেশ তাকে দম্ভোক্তি করে বলেছে, আবারও মাদকের ব্যবসা শুরু করো, থানা-পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সামাল দেব।
ঘটনার এতদিন পর মামলা ও সংবাদ সম্মেলনের বিষয়ে প্রশ্ন করলে রেজিয়া বেগম বলেন, মাদক ডিলার দিনেশ ও সাবেক কাউন্সিলর সাবিয়া সুলতানার ষড়যন্ত্রের কারণে নিরাপত্তার স্বার্থে আদালতে মামলা করেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন