প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ফসল তোলার পর কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি ফল ও সবজির গুণগত মান বজায় রাখার লক্ষ্যে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, যদি হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়, তাহলে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের বড় অংশ বাজারজাত করতে সক্ষম হবেন। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ মানুষের জীবিকায় কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ফসল তোলার পর তা সংরক্ষণ করা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উচ্চ তাপমাত্রা, হিমাগারের অভাব এবং বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে অনেক কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।
রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের অভিজ্ঞতা শেয়ার করে আবদুল আউয়াল মিন্টু বলেন, এটি বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি এবং বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামীণ এলাকায় আরও নির্ভরযোগ্য হিমাগার স্থাপনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তির ব্যবহার নির্ধারণ করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত শীতলীকরণ, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণ—এই চারটি বিষয়কে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।
প্রকল্পের আওতায় রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।
প্রকল্পের সঙ্গে যুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের প্রতি মন্ত্রী ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকাতেও এই প্রযুক্তি ছড়িয়ে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে।
সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন।
এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্পের অংশীদার, এনজিও এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন