ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া’: জেলেনস্কি


‘আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া’: জেলেনস্কি

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকে রাশিয়া যুদ্ধের অবসানে সমঝোতার লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে। 
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের কূটনৈতিক অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ হিসেবে সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়।

আরও পড়ুন: জরুরি চিকিৎসার আবেদন ইমরান খানের, ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’

বৈঠকগুলোতে অগ্রগতির কথা তুলে ধরে উইটকফ যুদ্ধ অবসানে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার কথা বলেছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জেলেনস্কি বলেন, দীর্ঘ ও তীব্র শীত শুরুর আগে সংঘাতের উত্তেজনা কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে প্রতি শীতেই রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। এর ফলে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সময় লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা মার্কিন দূতেরা তাকে জানিয়েছেন, ‘রাশিয়ানরা আলোচনায় বসতে প্রস্তুত।’

আরও পড়ুন: আজ জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন

জেলেনস্কি বলেন, রাশিয়া মনে করে, এই শীতকাল ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দিতে সাহায্য করতে পারে।

তবে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে উত্তেজনা কমাতে চাপ দিতে পারে। 

তার ভাষ্য অনুযায়ী, পুতিন তার মার্কিন প্রতিপক্ষকে ‘অসন্তুষ্ট করতে চান না’।

জেলেনস্কি জানান, সপ্তাহান্তের আলোচনায় জ্বালানি স্থাপনা, শস্য পরিবহন ও তেল-গ্যাস রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব ছিল। তবে তিনি এসব বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন: সরকার ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধরত দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা এবং আসন্ন শীতকে আগের শীতগুলোর মতো না হতে দেওয়াই যুক্তরাষ্ট্রের উদ্যোগের লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেছেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী সময়ে তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, ‘যখনই ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। পরে তাকে জেলে যেতে হবে।’

তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে তিনি জানান।

‘পররাষ্ট্রনীতিই হবে মক্কা প্যাক্টে যাওয়ার ক্ষেত্রে মূল বিবেচনা’

মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট। বাংলাদেশ এতে যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট জোট বা ফোরামটি দেশের মানুষের স্বার্থের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং এতে বাংলাদেশের কী ধরনের উপকার হবে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

শামা ওবায়েদ বলেন, ‘সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কথা বলবে।’

জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল ফারুক চেয়ারম্যান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও খুনিদের গ্রেপ্তার দাবিতে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


টাঙ্গাইল ফারুক চেয়ারম্যান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও খুনিদের গ্রেপ্তার দাবিতে আলোচনা সভা

টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, দাইন্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও টাঙ্গাইল সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদ ও পশ্চিম টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু। তিনি বলেন, “শহীদ ফারুক চেয়ারম্যানকে যারা প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।”
এরপর বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী। তিনি শহীদ ফারুক চেয়ারম্যান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় টাঙ্গাইল বিএনপির সভাপতি মোহাম্মদ আজগর আলীসহ জেলা বিএনপি, থানা বিএনপি, শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ আইনি লড়াই শেষে জমির দখল বুঝে পেলেন লিপি রাণী সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


দীর্ঘ আইনি লড়াই শেষে জমির দখল বুঝে পেলেন লিপি রাণী সরকার

 

জমি নিয়ে চলমান বিরোধ, মামলা-মোকদ্দমা এবং আইনি জটিলতার অবসান ঘটিয়ে আদালতের ডিক্রিপ্রাপ্ত ৬০ শতাংশ জমির দখল তিনি লাভ করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা এলাকার খুজিউরা মৌজায় এ দখল হস্তান্তরের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে লিপি রাণী সরকার ২০১৫ সালে নালিতাবাড়ী সিনিয়র সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় তার পক্ষে ডিক্রি প্রদান করা হয়।

এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, পুলিশের একটি দল এবং শেরপুর জজ কোর্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের ডিক্রি অনুযায়ী জমির দখল ফিরে পাওয়ায় লিপি রাণী সরকার ও তার পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রমের প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


মঠবাড়িয়ায় অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা  ডাকাত সরদার গ্রেপ্তার
 
 পিরোজপুরে মঠবাড়িয়া পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে 
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। 
 
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সরদার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
 
গ্রেপ্তার মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।
 
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুলাল মিয়া আন্তজেলা ডাকার দলের সর্দার। গতকাল রাতে তাকে গ্রেফতারের পরে তার কাছ থেকে অস্ত্র এবং ককটেল উদ্ধার দরকার হয়। তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%