১০:১৬ পি.এম
খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশী এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং অন্যজন হলেন খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
র্যাব জানায়, অভিযানের সময় ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্যমতে, শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন