প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য কেন্দ্র কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছে। এ কমিটিতে পাঁচ সদস্য থাকবে, যার মধ্যে একজন তত্ত্বাবধায়ক কর্মকর্তা এবং চারজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। গঠিত কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করা হয়, যেখানে এ নির্দেশনা উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু, স্বাভাবিক ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার জন্য বোর্ডের ‘উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (সাপ্লিমেন্টারি) পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা’ অনুযায়ী পাঁচ সদস্যের কেন্দ্র কমিটি গঠন করতে হবে।
জেলা সদরে অবস্থিত কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ের কেন্দ্রে এ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা তার মনোনীত প্রতিনিধি।
কেন্দ্র কমিটির সদস্য হিসেবে বিভাগীয় সদরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালক, জেলা সদরে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনীত করতে হবে।
এছাড়া, রাজশাহী শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত কেন্দ্রের আওতাধীন স্থানীয় সরকারি বা বেসরকারি কলেজের একজন অধ্যক্ষ, একজন মেডিকেল কর্মকর্তা এবং একজন পুলিশ কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
কেন্দ্র হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন। যদি কোনো অনিবার্য কারণে তিনি দায়িত্ব পালন করতে অক্ষম হন, তবে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা যেকোনো সরকারি গেজেটেড কর্মকর্তা এ দায়িত্ব পালন করতে পারবেন।
তবে যেসব কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত নেই, সেসব কেন্দ্রে ইউএনওর মনোনীত প্রতিনিধি ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর সন্তান কিংবা পোষ্য যদি এ পরীক্ষায় অংশ নেয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি ওই পরীক্ষায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক বা পরীক্ষা-সংক্রান্ত কোনো কাজে সম্পৃক্ত হতে পারবেন না।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার উত্তরপত্র ও অন্যান্য উপকরণ রাজশাহী শিক্ষা বোর্ডের উপকরণ শাখা থেকে সংগ্রহ করবেন। কেন্দ্র কমিটি গঠনের পর কেন্দ্রভিত্তিক কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
যেসব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপদে সংরক্ষণের জন্য ট্রেজারি নেই, সেসব কেন্দ্রের প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসক বাণিজ্যিক ব্যাংক অথবা থানার নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করবেন। ব্যাংক বা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা কেন্দ্র ফি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালার ২-এর ‘ছ’ উপধারার (iv) অনুযায়ী ব্যয় করতে হবে। কেন্দ্রের আয়-ব্যয়ের হিসাব সরকার মনোনীত নিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষা করিয়ে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কাছে পাঠাতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন