০৬:৪৯ পি.এম
আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণতান্ত্রিক নবযাত্রায় কাজ করে যাচ্ছে।
তিনি মন্তব্য করেন, সংসদ-সদস্যগণ জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে জনপ্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে অনুষ্ঠিত ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্পিকার এসব তথ্য তুলে ধরেন।
স্পিকার আরও বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দায়িত্ব বাস্তবায়নের প্রধান হাতিয়ার। তিনি বলেন, কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক, যাতে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা অর্জন করা যায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।
স্পিকার বলেন, সংসদের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো- আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে অন্তর্ভুক্তির আওতায় জবাবদিহিতামূলক করা। সংসদ-সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়নের কাজ চলছে।
আরও পড়ুন: ২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে : অভিজিৎ দীপকে
তিনি উল্লেখ করেন, সংসদ কেবল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না, বরং গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের দক্ষতায় কার্যপ্রণালী বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে। এটি জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনা নিয়ে গঠিত।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের ‘স্ট্রেইনদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স এন্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রোগ্রাম সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে সংসদ-সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করে যাচ্ছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে সংসদ সদস্যগণ কর্মভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে এবং এ দায়িত্ব পালনে তারা জনগণের প্রতি দায়বদ্ধ।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কাজ করতে হয়। একইসঙ্গে সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণও তাদের গুরুত্ব। তাই, সংসদের কার্যকর পরিচালনার জন্য কার্যপ্রণালী বিধি বিষয়ে সম্যক ধারণা থাকা জরুরি।
আরও পড়ুন: মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও টেকসই গণতন্ত্রের জন্য সংসদ পরিচালিত হবে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের প্রথম গ্রুপের মধ্যে আজ সংসদীয় আসন ১ পঞ্চগড়-১ থেকে ধারাবাহিকভাবে ১০৯ বরগুনা-১, ১১১ পটুয়াখালি-১ থেকে ১১৬ ভোলা-২, ১১৮ ভোলা-৪ হতে ১৫০ ময়মনসিংহ-৫ আসনের নির্বাচিত সংসদ-সদস্য এবং সংরক্ষিত মহিলা আসন ৩০১ মহিলা আসন-১ থেকে ৩২৪ মহিলা আসন-২৪ থেকে নির্বাচিত সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন