প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লাকসাম-নোয়াখালী রেলপথ, যা ৫০ কিলোমিটার দীর্ঘ, বর্তমানে ট্রেনের সংখ্যা কমে যাওয়ার কারণে এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। ট্রেন চলাচল সীমিত হওয়ায় স্থানীয়দের লাকড়ি ও কাঁথা শুকানোর জন্য রেললাইনে দেখা যেত। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে; রেললাইনের ওপর বেয়ারিং চাকা লাগানো বিশেষ ট্রলি বা বিকল্প যান তৈরি করে চলছে অবাধ পণ্য পরিবহন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও রেলওয়ে কর্তৃপক্ষের তেমন কোনো তদারকি চোখে পড়ছে না।
মনোহরগঞ্জের খিলা এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় ৮ থেকে ১০ জন ব্যক্তি বেয়ারিং চাকা দিয়ে তৈরি ট্রলিতে মাছ ও মুরগির খাদ্য, খড়, ডিমসহ বিভিন্ন ভারী মালামাল পরিবহন করছেন। ঝুঁকিপূর্ণ এই কাজের বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ ছাড়া লাকসামের তপইয়া এলাকায় রেললাইনের ওপর কাঁথা ও লাকড়ি শুকাতে দেখা গেছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী রুটে একসময় দুই জোড়া ডেমু কমিউটার, দুই জোড়া লোকাল ট্রেন এবং দুটি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করত। কিন্তু বর্তমানে কেবল আন্তনগর 'উপকূল এক্সপ্রেস' চালু রয়েছে। সপ্তাহে তিন দিন একটি লোকাল ট্রেন চললেও ইঞ্জিন স্বল্পতার কারণে প্রায়ই সেটির যাত্রা বাতিল হয়। এর ওপর জনবল ও স্টেশন মাস্টার সংকটে বন্ধ হয়ে গেছে এই রুটের দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, বজরা ও মাইজদী রেলস্টেশন।
মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, দেড় দশক ধরে স্টেশনটি বন্ধ থাকায় তা এখন অনেকটা পরিত্যক্ত ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল স্তূপ করে রেখেছেন, কোথাও বাঁধা রয়েছে গরু-ছাগল। প্ল্যাটফর্মের এক পাশে চলছে জুয়ার আসর। স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়ে আছে। রেলওয়ে থেকে ভাড়া নেওয়া প্ল্যাটফর্মের দুটি দোকান থাকলেও ট্রেন না থাকায় সেগুলো ক্রেতাশূন্য।
খিলা বাজারের ক্রেতা মোহাম্মদ উল্লাহ আক্ষেপ করে বলেন, "একসময় এই স্টেশনটি বেশ জমজমাট ছিল। এখন ট্রেন কমে গেছে, স্টেশনও বন্ধ। ফলে যাতায়াতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।"
স্থানীয় যাত্রী আবদুর রহিম জানান, আগে এই রুটে নিয়মিত ৪-৫টি ট্রেন চলত। বর্তমানে ট্রেন কমে যাওয়ায় সাধারণ মানুষ সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান।
এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার একাধিক সূত্র জানায়, মূলত ইঞ্জিন সংকটের কারণে ট্রেন কমানো হয়েছে এবং স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবলের অভাবে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।
রেললাইনে অবৈধ যান চলাচলের বিষয়ে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ বলেন, "রেললাইনে অন্য কোনো পরিবহন চালানো সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন