প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চরমোনাইয়ের তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা চরমোনাই মাদরাসার তিন বর্গ কিলোমিটার এলাকায় দুইটি মাঠজুড়ে আয়োজিত এই মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর ছাহেব চরমোনাই উল্লেখ করেন, "এ মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং আল্লাহমুখী করাই মূল উদ্দেশ্য।" তিনি আরও বলেন, "সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।"
পীর ছাহেব চরমোনাই নতুন আগত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, "যারা এ মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে দূর করে আখেরাতের চিন্তা অন্তরে ধারণ করুন।" তিনি আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করার গুরুত্ব তুলে ধরেন এবং আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখার তাগিদ দেন। মাহফিল থেকে বিদায় নেয়ার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে বিদায় নেয়ার কথাও বলেন পীর ছাহেব।
উদ্বোধনী বয়ানের পর পীর ছাহেব মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধি বিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ ও নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন হালকায় বিভক্ত করে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
বিশেষ চিকিৎসা ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাখা হয়েছে। ১০০ শয্যার ‘মাহফিল হাসপাতাল’ অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি প্রয়োজনে বরিশালসহ অন্যান্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা রয়েছে।
দুটি মাঠে মাহফিলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা টিম। হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো-প্রাপ্তি ক্যাম্প। মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাপনাও রাখা হয়েছে।
এ তিন দিনব্যাপী মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণও বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাই পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম-শায়েখে চরমোনাই দুটি বয়ান পেশ করবেন।
মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার ভোরে আমীরুল মুজাহিদীন পীর ছাহেব চরমোনাই’র বিদায়ী বয়ানের পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ঐতিহাসিক মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।
চরমোনাই মাহফিল ও দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সৈয়দ এছহাক (রহ.) ছাহেব ১৯২৪ সালে চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠা করেন। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে এ দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) ছাহেব। ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন