১২:০৭ এম
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এই সদস্যরা ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত, স্বর্ণ বিক্রিতে সহযোগী এবং একজন স্বর্ণ ব্যবসায়ী।
মঙ্গলবার দিনগত দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ভুক্তভোগী কিশোরীটির বয়স ১৫ বছর। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নিবাসী ফেরদৌস আলম হামিম (১৯)-এর সঙ্গে কিশোরীর পরিচয় গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে হামিম ও তার সহযোগীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে কিশোরীর কাছ থেকে অর্থ দাবির কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
জানা যায়, কিশোরীর কাছে টাকা না থাকায় সে পরিবারের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে অভিযুক্তের কাছে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়ে দেয়। এরপর আরও অর্থের জন্য চাপ দেওয়া হলে কিশোরী পুনরায় স্বর্ণ বিক্রির সিদ্ধান্ত নেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুন্সীগঞ্জের চরকেওয়ার এলাকার মো. হোসেন শাওন তাজ সরকার ওরফে বাবুর (২০) সহযোগিতা গ্রহণ করে। বাবু কিশোরীর কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে নামমাত্র মূল্য পরিশোধ করে এবং পরে সেগুলো মুন্সীগঞ্জ শহরের শৈলী স্বর্ণ শিল্পালয়ের মালিক সুধাংশ মুখার্জীর (৪৬) কাছে বিক্রি করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সুধাংশ মুখার্জী জানান, তিনি স্বর্ণগুলো গলিয়ে অন্যত্র বিক্রি করেছেন।
আরও জানানো হয়েছে, গত ২২ জুন বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকা থেকে মো. হোসেন শাওন তাজ সরকার বাবুকে গ্রেফতার করা হয়। বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীকে তার দোকান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একই দিন রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তার করার সময় হামিমের ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন