প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার বরুড়ায় একটি বেলুন গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে দুই বছরের তাবাচ্ছুম নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার শরাপতি গ্রামে নানার বাড়িতে বেলুন নিয়ে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাবাচ্ছুম বরুড়া পৌরসভার কশামী গ্রামের মসজিদ বাড়ির বাসিন্দা মহিউদ্দিনের কন্যা। শিশুটির আকিকা দুই দিন আগে অনুষ্ঠিত হয়েছিল।
পরিবারের সূত্রে জানা যায়, বিকেলে নানার বাড়িতে বেলুন নিয়ে খেলা করছিল তাবাচ্ছুম। এক পর্যায়ে বেলুনটি মুখ দিয়ে গলায় আটকে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা বেলুনটি বের করার চেষ্টা করলেও তারা সফল হননি। পরে তাকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইসিজি পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষার পর আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা জানান, শিশুটি মারা গেছে।
শিশুটির চাচা কাউছার আহমেদ জানান, হাসপাতালে গিয়ে তিনি শিশুটির হাত-পা ঠাণ্ডা দেখতে পান। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন, বেলুন মুখে দেওয়ার পর শিশুটির অস্বাভাবিক আচরণ শুরু হয়। বেলুনটি বের করার চেষ্টা করেও তারা সফল হননি।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বেলুন শ্বাসনালীতে ঢুকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন