প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দির খুদে শিক্ষার্থী মুনতাসির আবিদ নিবীর, মাত্র ১০ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখতে যাচ্ছে। জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।
নিবীর আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. আসাদুজ্জামান এবং মা নাসরিন বেগম একজন শিক্ষক। তাদের বাড়ি উপজেলার ঘিকমলা গ্রামে অবস্থিত।
সম্প্রতি এমএফআই সায়েন্স ক্লাবের উদ্যোগে জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে নিবীর। এই কৃতিত্বের মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে জাতীয় পর্যায়ের সনদ ও মেডেল তুলে দেওয়া হয়।
নিবীরের বাবা মো. আসাদুজ্জামান জানান, তার ছেলের ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। মোবাইল ফোনে ভিডিও দেখার সময় সাধারণ বিনোদনের চেয়ে বিজ্ঞানবিষয়ক ভিডিও ও ঐতিহাসিক ঘটনাবলি দেখতে সে বেশি পছন্দ করত। পরিবারের সদস্যরা মনে করেন, জানার প্রতি প্রবল আগ্রহ ও বিজ্ঞানমনস্কতাই তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খুদে শিক্ষার্থী নিবীর জানায়, এমএফআই সায়েন্স ক্লাবের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।
নিবীরের এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও আনন্দিত। শিক্ষকদের প্রত্যাশা, তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে।
এদিকে উপজেলা প্রশাসনও নিবীরের পাশে থাকার আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা জানান, মোবাইল ফোন ও প্রযুক্তিকে শুধুমাত্র নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। সঠিক ব্যবহারের মাধ্যমে শিশুরা জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে পারে। নিবীর নিজ প্রচেষ্টায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে সাফল্য অর্জন করেছে, তা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণার উদাহরণ। আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন