প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার মন্তব্য করেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত এক সপ্তাহে যে সহিংসতা ঘটেছে, তা ইইউ সমর্থন করতে পারে না। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের সহিংসতার বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, সহিংসতা প্রতিরোধ এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব হয়।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ‘ডিকাব টক’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, বিগত সরকারের সহিংসতা মোকাবিলায় সরকার যতটুকু শক্তি প্রয়োগ করেছে, সেটি স্বাগত জানানো উচিত। নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা তাদের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
তিনি আরও বলেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ নয়। বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার ইচ্ছা রয়েছে। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
মিলার বলেন, বাংলাদেশে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো ইইউ লক্ষ্য করেছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে। ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জরুরি বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সময়ে সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা দেখানোর ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
অন্তর্বর্তী সরকারের সময় গঠিত সংস্কার কমিশনগুলোর বিভিন্ন প্রস্তাবের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কমিশনগুলোর অনেক ভালো ধারণা ছিল। সেসব প্রস্তাবের কোনগুলো বাস্তবায়ন করা সম্ভব, তা চিহ্নিত করতে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভালো প্রস্তাবগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে চায় ইইউ।
বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে।
তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে, এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে।
এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন। মিলার বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়াতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি।
বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, উত্তরণ প্রক্রিয়াটি যেন মসৃণ হয়, সে জন্য উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।
রোহিঙ্গা সংকটের বিষয়ে মিলার মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ক্ষেত্রে ইইউ’র সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ২০১৭ সাল থেকে ইইউ মানবিক সহায়তা হিসেবে ৫০ কোটি ইউরোরও বেশি অর্থ প্রদান করেছে, যার মধ্যে ২০২৬ সালের জন্য ৩ কোটি ১৫ লাখ ইউরো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কক্সবাজারে চলমান উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে আরো ৫ কোটি ইউরো দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইইউ জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে আসছে, যার মধ্যে আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য প্রদানের বিষয়টি সহজতর করার মতো উদ্যোগও রয়েছে। মিলার আরো বলেন, ইইউ বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশলের অপেক্ষায় রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন