ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর


নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলেছেন যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। এই লক্ষ্যে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া এই আহ্বান উপস্থিত সকলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বলেন, 'একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি যাতে জনগণ নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহবান জানাই।'

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশেষভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত সদস্যগণই এই রেজিমেন্টে দায়িত্ব পালনের জন্য যথানিয়মে নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীরই অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। সুতরাং, পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃংঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যগণ নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবেন এটিই বিধিবদ্ধ নিয়ম। আপনাদের কার্যক্রমের মাধ্যমেই পিজিআরে'র দক্ষতা এবং একনিষ্ঠতা ফুটে উঠবে এটি আমার প্রত্যাশা।'

পিজিআরের কাজটি চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'এর কারণ রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার দায়িত্বপালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। এ দায়িত্ব পালনে আপনাদেরকে নানারকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতা আপনাদেরকে নিঃসন্দেহে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচিত করেছে।'

সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ 'পিজিআর' চলতি বছর 'ন্যাশনাল স্ট্যান্ডার্ড' পুরস্কারের জন্য মনোনিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'একটি বাহিনী হিসেবে এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্যের জন্য আমি আপনাদের আবারো অভিনন্দন জানাই। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ইস্পাত কঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়।'

সশস্ত্রবাহিনীকে জনগণের সাহস এবং একটি দেশের গৌরবের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর সাহসী ভূমিকা সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্ন এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছে।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, সশস্ত্রবাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখে তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনই হুমকির মুখে পড়বে না।'

পিজিআরের প্রতি প্রত্যাশা রেখে প্রধানমন্ত্রী বলেন, 'আমি আশা করব, পিজিআরে'র মত বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি 'চেইন অব কমান্ড' অনুসরণ- এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।'

একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে পিজিআরেরও পিছিয়ে থাকার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থ-সামাজিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরী হয়েছে। তাইতো সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্যযুদ্ধ এসব নতুন নতুন ক্ষেত্রগুলো উপেক্ষা করার সুযোগ নেই।'

তিনি বলেন, 'এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধুমাত্র পিজিআরই নয় প্রতিটি বাহিনীকেই আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি।'

আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

তারেক রহমান বলেন, 'সশস্ত্রবাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফের মতো সফিস্টিকেটেড বাহিনীগুলোকে সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে যথানিয়মে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।'

বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১৯৭৫ সালের এইদিনে প্রথমে 'রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট’ নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীকালে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৯ সেপ্টেম্বর 'রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট'কে 'প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট' হিসেবে নামকরণ করেন। নতুন এ নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো দৃঢ় ও গতিশীল করতে ইতিবাচক প্রভাব রাখে।'

পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নিজের জীবনের সবচেয়ে শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা মনে পড়ছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্যও শহীদ হয়েছিল। আজকের এই বিশেষ দিনে আমি পিজিআরের সেই শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আল্লাহর দরবারে তাঁদের মাগফিরাত কামনা করছি।'

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্যপরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে এটি অবশ্যই পিজিআরের সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।'

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীরা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সুখবর

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। তিনি পিজিআর সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য প্রতি বছর ৫ জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে বিশেষায়িত এই বাহিনী গঠিত হয়। ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে বার্ষিক দরবার ও সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।

পিজিআর মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। এটি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির দৈনন্দিন নিরাপত্তা ও অন্যান্য সামরিক দায়িত্ব পালন করে।

আরও পড়ুন: ফরেনসিক অডিটে আওয়ামী সরকারের জিডিপির তথ্যে গরমিল পাওয়া গেছে: অর্থমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে, এই কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ (রোববার) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন।

তিনি আরও জানান, একটি রাজনৈতিক দলের প্রধান লিখিত অভিযোগ করেছিলেন। আমরা সেটি যথাযথভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থায় পাঠিয়েছি। বর্তমানে তদন্তকারীরা সেই অভিযোগের ওপর তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। তদন্তে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।

একটি অন্য প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। বহু মামলা রয়েছে যার জন্য তিনি তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে শাপলা চত্বরসহ একাধিক মামলায় তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটি মামলায় তার বিরুদ্ধে শাস্তি প্রদান করা হয়েছে। আমাদের তার কাছে পরামর্শ, দেশে ফিরে তিনি বিচার মোকাবিলা করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ উদ্ধার

জেলার সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৫০০টি ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ২৭ বোতল ইস্কাপ সিরাপ এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দুপুরে ১৫ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন মাছানকুড়া এলাকায় বিশেষ একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোটরসাইকেলে আসা কয়েকজন সন্দেহভাজনকে থামার সংকেত দিলে তারা এসে মোটরসাইকেল ও মাদক ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ২ হাজার ৫০০টি ট্যাপেনটাডল ট্যাবলেট, ২৭ বোতল ইস্কাপ সিরাপ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৮০০ টাকা। এই ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ জুলাই

দুদকের করা মামলায় আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পর্কিত আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আজ (রোববার) ঢাকার বিভাগী বিশেষ জজ বি. এম. তারিকুল কবীর আদালতে অভিযোগের বিষয় শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালত এ বিষয় আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর, মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করার পাশাপাশি মামলায় মাদকসহ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি দুদক মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এতে উল্লেখ করা হয়েছে যে, মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি, ডিবি পুলিশ মতিউরকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে বৌদ্ধধর্মীয় গুরু ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর জন্মদিন পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


রাঙ্গামাটিতে বৌদ্ধধর্মীয় গুরু ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর জন্মদিন পালিত

জেলায় ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর মাধ্যমে বৌদ্ধধর্মীয় গুরু পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও রাঙ্গামাটি সংঘারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালন করা হচ্ছে।

আজ রোববার ভোর থেকে জেলা শহরের ভেদভেদি এলাকার সংঘারাম বিহার প্রাঙ্গণে বৌদ্ধধর্মীয় গুরু এবং উপাসক-উপাসিকারা নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। সংঘারাম বিহার পরিচালনা কমিটি ও সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে।

সংঘারাম বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র কার্বারী বাসস’কে জানিয়েছেন, দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিহার অধ্যক্ষ এবং উপসংঘরাজ বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম শুভ দিনে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলোর আয়োজন করেছি।

তিনি আরো জানান, এ দিবসটির উপলক্ষে সকাল থেকে বিহারে বিশ্ব শান্তি কামনার জন্য ধর্মীয় সূত্রপাঠ, পুজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন, উদ্বোধনী সংগীত পরিবেশন, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, ভদন্ত শ্রদ্ধালংকার ভান্তের জন্ম দিনের কেক কাটা এবং তার জীবনালেখ্য বইয়ের মোড়ক উম্মোচন, ভান্তেকে নতুন গাড়ি উপহার জানানো, উদযাপন কমিটি এবং আগত অথিতিদের বরণ, পুজনীয় ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা, বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ এবং পিন্ড গ্রহণের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে আগত দায়ক দায়িকাদের জন্য মধ্যহ্ন ভোজনের আয়োজনও করা হয়েছে।

আজ সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় হাজারো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে তিনি জানান।

বৌদ্ধ ধর্মীয় গুরু পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ এবং রাঙ্গামাটি সংঘারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লোকমিত্র থেরো ভিক্ষু, মৈত্রী বিহার অধ্যক্ষ ভদন্ত পূন্য জ্যোতি মহাথেরো, রাঙাপানি এলাকার ওথন মিয়ং ভাবনা কেন্দ্রের বুদুদভ মহাথেরো ভিক্ষু, খাগড়াছড়ি সদরের কমলছড়ি আম্রকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সহ আরও অন্যান্য ভিক্ষু শ্রামন ও বৌদ্ধ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সকাল থেকে বিহার প্রাঙ্গণে শত শত বৌদ্ধাধর্মালম্বীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%