প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
/খোরশেদ আলম শিমুল/
চট্টগ্রাম (উত্তর), ২১ নভেম্বর, ২০২৬ : শীত মৌসুমে উত্তর চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের তৈরি জিলাপির চাহিদা ও কদর বেড়ে গেছে।
এ ব্যতিক্রমী মচমচে এবং সুস্বাদু জিলাপি স্থানীয় মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাচীনকাল থেকে শীতকালে হাটহাজারীর গ্রামাঞ্চলে মহিলারা ঘরোয়াভাবে চালের জিলাপি তৈরি ও পরিবেশন করে আসছেন। শীত মৌসুমে ধর্মীয় সম্মেলন ও মাহফিলকে কেন্দ্র করে বসা বিভিন্ন মেলায়ও জিলাপি বিক্রি হয়ে থাকে। বর্তমানে হাটহাজারী পৌরসদর ও কয়েকটি হাটবাজারে জিলাপির বিক্রি জমজমাটভাবে চলছে। প্রতিদিন উপজেলার ছয়টি বাজারে প্রতি কেজি ১২০ টাকা দরে অন্তত ৫ হাজার কেজি জিলাপি বিক্রি হচ্ছে।
যেসব বাজারে চালের তৈরি জিলাপি বিক্রি হয়:
হাটহাজারী উপজেলার মধ্যে চৌধুরীহাটে ২ জন, সরকারহাট বাজারে ৩/৪ জন, মনিয়া পুকুর পাড়ে ২/৩ জন, হাটহাজারী বাজারে ৬ জন এবং কাটিরহাট বাজারে ১ জন জিলাপি তৈরির কারিগর সকালের প্রথম প্রহর থেকে গভীর রাত পর্যন্ত জিলাপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শীতের আগমনের সাথে সাথে জিলাপির চাহিদা বৃদ্ধি পাওয়ায় মৌসুমী ফল বিক্রেতারা অল্প পরিশ্রম ও পুঁজি খাটিয়ে ভালো আয় করতে ঝুঁকে পড়েছেন।
চালের জিলাপি কি উপকরণ দিয়ে তৈরি হয়:
চালের গুঁড়া ও গুড়ের তৈরি মিঠাই। গরম পানি দিয়ে চালের গুঁড়ার পেস্ট প্রস্তুত করা হয়। একটি কাপড়ে সে পেস্ট রেখে বিশেষভাবে ঘুরিয়ে চক্রাকারে ফুটন্ত তেলের ওপর দিয়ে জিলাপি তৈরি করা হয়। জিলাপির রং লাল হয়ে আসলে তা গুড়ের মিঠাতে ভিজিয়ে রাখা হয়। প্রতিটি জিলাপির ওজন হয় প্রায় এক কেজি।
গত বছর জিলাপির দাম ছিল ১২০ টাকা প্রতি কেজি। তবে এবারে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিনে হাটহাজারী বাসস্টেশন এলাকার জিলাপি তৈরিকারক করিম, ইউসুফ, মঞ্জু এবং সরকারহাট বাজারের মো. মাহাবুব, মো. আবুল হোসেন, মো. মহিন উদ্দিনের সঙ্গে কথা হলে তারা বাসস’কে জানান, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। জিলাপির চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারা বানিয়ে কূল পাচ্ছেন না।
হাটহাজারী বাসস্ট্যান্ডের জিলাপি তৈরিকারক ইউসুফ বাসস’কে জানান, তিনি প্রতিদিন অন্তত এক থেকে দেড় শতাধিক কেজি জিলাপি বিক্রি করেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত জিলাপি বিক্রি করেন। এ কাজে তাকে ২ জন স্টাফ সহযোগিতা করেন। প্রতিদিন দেড়শ’ কেজি চালের গুঁড়া, প্রায় ৭০ কেজি গুড়, জ্বালানি হিসেবে ৮০ কেজি কেরোসিন, এবং ৮০ কেজি সয়াবিন তেল ব্যবহার করেন। স্টাফসহ সার্বিক খরচ বাদ দিয়ে তার মোটামুটি হাজার দু’এক টাকা রোজগার হয়। তিনি বলেন, ১৫ বছর ধরে হাটহাজারী বাজারে জিলাপি বিক্রি করে আসছি। ‘যতক্ষণ বানানো যাচ্ছে, ততক্ষণই বিক্রি হচ্ছে।’
জিলাপি ক্রেতা মো. হোসেন বাসস’কে বলেন, হাটহাজারী চালের জিলাপি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শীতকালীন খাবার। মচমচে, সুস্বাদু এই জিলাপি খেতে বেশ মজা এবং পরিবারের সবাই, বিশেষ করে বাচ্চারাও এটি খুব পছন্দ করে। তাই সপ্তাহে দুই থেকে তিনবার পরিবারের জন্য চাল জিলাপি কিনে থাকি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন