প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সমাবর্তনের জন্য নির্ধারিত নিবন্ধন ফি অনেক শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের তুলনায় অত্যধিক। বিশেষ করে নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশের জন্য এই ফি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত এই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ হারানোর আশঙ্কা করছেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে না পারার উদ্বেগও অনেক শিক্ষার্থীর মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে, শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা, সামর্থ্য এবং বৃহত্তর অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দু’টি দাবি তুলে ধরেছেন।
তাদের দাবিগুলো হলো— নিয়মিত শিক্ষার্থীদের জন্য পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি ৩,০০০ (তিন হাজার) টাকা এবং ব্যাচেলর (স্নাতক) সনদ ফি ৫০০ (পাঁচশত) টাকা নির্ধারণ করে সর্বসাকুল্যে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে সমাবর্তনের নিবন্ধনের নির্ধারিত সময়সীমা বৃদ্ধি করতে হবে।
স্মারকলিপি প্রদান শেষে ২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিনি বলেন, "আমরা ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সদ্য স্নাতক শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমাদের দাবি, সমাবর্তন ফি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ৩,০০০ টাকা করা হোক। এ দাবি নিয়ে আমরা মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য স্যারের সাথে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছি। স্যার বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা জেনেছি, সব সেশন মিলিয়ে মাত্র প্রায় ১,৫০০ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খুবই কম। আমরা চাই, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সবাই যেন সমাবর্তনে অংশ নিতে পারে। আশা করি প্রশাসন আমাদের এই যৌক্তিক দাবি গ্রহণ করবে।"
স্মারকলিপি গ্রহণের পর ছাত্র উপদেষ্টা ড. মামুন উল রশীদ বলেন, "২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে। বিষয়টি আমি ভিসি স্যারের নজরে এনেছি এবং তার সাথে কথা বলব। আশা করি প্রশাসন যৌক্তিক দাবি বিবেচনা করবে। এটি ১-২ দিনে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ৪,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন