০২:৫৮ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুনভাবে চালু হয়েছে ‘ইউএই স্মার্ট করিডর’। এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা আর প্রচলিত ইমিগ্রেশন গেট বা কাউন্টারে থেমে পাসপোর্ট নিয়ন্ত্রণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না।
এই প্রযুক্তিটি সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) দ্বারা চালু করা হয়েছে। উন্নত বায়োমেট্রিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা চলাচলের সময় নিজেদের পরিচয় যাচাই এবং দেশত্যাগের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবেন।
আইসিপির বন্দর নিরাপত্তা বিভাগের মহাপরিচালকের উদ্যোগে এই ব্যবস্থা চালু করা হয়েছে, যার উদ্দেশ্য হলো পাসপোর্ট নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজতর করা, বিমানবন্দরে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং চলাচলকে আরও নির্বিঘ্ন করা। ফলে যাত্রীদের আর নির্দিষ্ট গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না, যা প্রচলিত ইমিগ্রেশন ব্যবস্থায় দেখা যায়।
আরও পড়ুন: নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত
জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেকোনো এয়ারলাইনসে ভ্রমণকারী সকল শ্রেণির যাত্রী এই সুবিধা গ্রহণ করতে পারবেন। গন্তব্য দেশ, যাত্রীসংখ্যা বা ভ্রমণকারীর ধরন অনুযায়ী কোনো বিধিনিষেধ নেই। একক যাত্রী, পরিবার কিংবা দলবদ্ধ ভ্রমণকারীরাও একই ব্যবস্থায় সেবা পাবেন।
কর্তৃপক্ষ জানায়, স্মার্ট করিডরের ফলে যাত্রীদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা এবং দেশত্যাগের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হচ্ছে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমে আসছে এবং বিমানবন্দরের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। পুরো প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ের নির্ভুলতা ও নিরাপত্তার মান বজায় রাখা হচ্ছে এবং ছাড়পত্র দেওয়ার জন্য সরাসরি মানবীয় হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে না।
আইসিপির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর বিভাগের নির্বাহী পরিচালক জুমা আবদুল্লাহ আল কাবি বলেন, ইউএই স্মার্ট করিডর উন্নত ডিজিটাল সরকারব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশটির পরিকল্পনা ও কৌশলের প্রতিফলন। এটি মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আগাম সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির সাহায্যে সরকারি কার্যক্রমকে সহজ করার উদ্যোগ।
তিনি আরও বলেন, এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল ও পর্যটন খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে বৈশ্বিক বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে দেশটির অবস্থানকে আরও সুসংহত করবে এবং নিরাপদ ও আধুনিক ভ্রমণব্যবস্থার অন্যতম গন্তব্য হিসেবে পরিচিতি বৃদ্ধি করবে।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোনের হামলায় মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত
আল কাবি আরও উল্লেখ করেন, বায়োমেট্রিক প্রযুক্তি, ডিজিটাল সমাধান ও উদ্ভাবনের সমন্বয়ে স্মার্ট করিডর একটি সমন্বিত যাত্রী ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়তা করবে। এতে সীমান্ত নিয়ন্ত্রণের প্রস্তুতি ও কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পাবে এবং দ্রুত সেবা ও পরিচয় যাচাইয়ের নির্ভুলতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে।
প্রচলিত ইমিগ্রেশন ব্যবস্থার পরিবর্তে আরও আধুনিক ও সমন্বিত সীমান্ত নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই স্মার্ট করিডর চালু করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীসেবার আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা ও কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তথ্যসূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন