ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

হত্যা মামলার আসামি কাউসারকে কারাগারে পাঠানোর নির্দেশ


হত্যা মামলার আসামি কাউসারকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে আদালত রাজধানীর কোতোয়ালি থানার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার আদালতে আসামি কাউসারকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আরও পড়ুন: ৩ দিনেও সমাধান না হওয়ায় জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে আছেন নারী

গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এই ঘটনায়, ওই দিনই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানির সময়, হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে, এজলাস থেকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান এই আসামি।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ১৭ বছরের কিশোরী আলোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে কাউসার জানান, প্রায় এক বছর ধরে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে ঘটনার কিছুদিন আগে আলো তাকে এড়িয়ে চলতে শুরু করে। কাউসার জানতে পারেন, আলো অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কিত হয়েছে। ২০২০ সালের ২০ জুলাই রাতে আলোদের বাসার সামনে অবস্থান নেন কাউসার। রাত ৯টার দিকে আলো ঘর থেকে বাথরুমে গেলে তিনি সেখানে ওত পেতে থাকেন। বাথরুম থেকে ফিরে ঘরে বালতি আনতে যাওয়ার সময় কাউসার তাকে আটকে কথা বলতে চান। আলো কথা বলতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি।

আরও পড়ুন: সরকারের সঙ্গে জনগণ প্রস্তুত ষড়যন্ত্র প্রতিহত করতে: রিজভী

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। পরবর্তীতে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়। এ মামলায় এখন পর্যন্ত নিহতের বাবা রবিউল ইসলাম ও বড় বোন রাব্বিনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই কারাবন্দি ছিলেন অভিযুক্ত কাউসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলমডাঙ্গায় অবৈধ সার মজুত, ২ হাজার বস্তা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


আলমডাঙ্গায় অবৈধ সার মজুত, ২ হাজার বস্তা জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। চার দিনের মধ্যে প্রায় ২ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার এলাকায় অভিযানটি অনুষ্ঠিত হয়। এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তারও বেশি সার জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত চার দিন ধরে অবৈধভাবে মজুদ করা সার উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের ফলে প্রায় ২ হাজার বস্তা বিভিন্ন ধরনের রাসায়নিক সার জব্দ করা সম্ভব হয়েছে।

এর আগে গত তিন দিনে একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, সার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পেতে পারেন, সেজন্যই এই অভিযান পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, ১ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, ১ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশ করেছে। প্রকাশিত সূচির তথ্য অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে। আর ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। এছাড়া, ব্যবহারিক পরীক্ষাগুলোও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা

সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষাবোর্ড পরীক্ষার্থীদের জন্য ১১টি নির্দেশনা প্রদান করেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষার শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি অংশের ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনি অংশের উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সকাল ১০টা ২৫ মিনিটে ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

অন্যদিকে, দুপুর ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি অংশের ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনি অংশের উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম দুপুর ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (যদি প্রযোজ্য হয়) পৃথকভাবে পাস করতে হবে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পূর্বে প্রাপ্ত নম্বর বহাল থাকবে। শুধুমাত্র অকৃতকার্য ও অনুপস্থিত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

এছাড়া, প্রত্যেক পরীক্ষার্থীকে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা গণহত্যায় সহায়তার অভিযোগে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


গাজা গণহত্যায় সহায়তার অভিযোগে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছেন মার্কিন করদাতা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীদের একটি দল।

এই আবেদনটি বুধবার নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে জমা দেওয়া হয়। এই আবেদনটি ‘ট্যাক্সপেয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট জেনোসাইড’ (টিএএজি) নামের একটি সংগঠনের উদ্যোগে করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের সঙ্গে গাজায় কাজ করা চিকিৎসকদের শপথপূর্বক দেওয়া সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, তথ্য ফাঁসকারীদের বক্তব্য, ভিডিও প্রমাণ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক, আর্থিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তার বিস্তারিত নথিপত্র জমা দেওয়া হয়েছে।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন গাজায় দুই দফায় চিকিৎসাসেবা দেওয়া ট্রমা সার্জন ফিরোজ সিধওয়া এবং বিলুপ্ত হয়ে যাওয়া গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সাবেক ঠিকাদার ডেভিড ম্যাকইনটোশ।

টিএএজি বলেছে, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ ও যাচাই করতে তাদের প্রায় এক বছর সময় লেগেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরাইলের পক্ষে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত গণহত্যা চালানো সম্ভব হতো না।

সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা শেথ ডনেলি সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধানের ১৫ অনুচ্ছেদের আওতায় এ আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এতে ট্রাম্প ও রুবিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ করে—এমন বিস্তৃত তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে।

ডনেলি আইসিসির কৌঁসুলির দপ্তরকে দ্রুত এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে দেশটির কর্মকর্তাদের গণহত্যায় অংশগ্রহণ বন্ধের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।

এদিকে গত তিন বছরে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিমান হামলা ও স্নাইপারের গুলিতে প্রাণহানির ঘটনাও অব্যাহত রয়েছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের এক গবেষণায় বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা লাশ উদ্ধার করা হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরো বেশি হতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি, ১২ নভেম্বর, ২০২৬ : রাজাপুরে সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে, উপজেলার আউখিড়া এলাকার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও জনসচেতনতামূলক বিষয় তুলে ধরেন।

তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য গাড়ির ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

এছাড়া, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনে আসক্তি কমানো, ইভটিজিং প্রতিরোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষার করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

এসব বিষয়ে নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর ফারুক সুমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নেয়ামত উল্লাহ এবং সেতু রানী ববিসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%