০৬:৩৯ পি.এম
মাদারীপুর সদর উপজেলার কুমার নদের ওপর একটি নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। এই সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি ২৭ লাখ টাকা। শুক্রবার সকালে, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এই কাজের উদ্বোধন করেন।
এই সময় সংসদ সদস্য বলেন, "নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। রাষ্ট্র মেরামতের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।"
তিনি আরও বলেন, "এই সেতু নির্মিত হলে এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।"
আরও পড়ুন: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ জন আসামি গ্রেপ্তার।
এছাড়া, তিনি উল্লেখ করেন, মানবপাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। "এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।"
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৫ মিটার দীর্ঘ ও ৭৫ মিটার স্টিল আর্চ পিএসসি গার্ডার সেতুটি মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। এছাড়া, ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সেতুটি নির্মিত হলে তরমুগুরিয়া, লক্ষীগঞ্জ, নতুন মাদারীপুর, চরমুগুরিয়াসহ আশপাশের অন্তত পাঁচ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পুলিশের বাধা উপেক্ষা করে টাঙ্গাইলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন