প্রিন্ট এর তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৬:১৩ পি.এম
নেছারাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর বিশেষ সভা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “নেছারাবাদ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব খাটিয়ে কেউ যেন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"