ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি


প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর মোংলায় উন্নয়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগ স্পষ্ট হচ্ছে। বন্দরের আধুনিকায়নের জন্য চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন শিল্পকারখানা স্থাপনের চুক্তি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি দেশীয় প্রতিষ্ঠান ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে কারখানা স্থাপনের চুক্তি সম্পন্ন করেছে। এর আগে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গেও বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়। দুটি প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা ইপিজেডে নতুন বিনিয়োগের পরিমাণ ২ কোটি ৫০ লাখ ৭০ হাজার ডলার হবে। এতে ৩ হাজার ৪৫৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব এবং বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অষ্টগ্রামে বাবার জানাজায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত শাহিন, ফের কারাগারে

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, "বিনিয়োগের গন্তব্য হিসেবে মোংলা ইপিজেডকে বেছে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ।" তিনি আরও বলেন, "কারখানা স্থাপন ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।" একই সঙ্গে যশোর ও পটুয়াখালীতে বেপজার নির্মাণাধীন ইপিজেডগুলোতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান তিনি।

বেপজা সূত্র জানায়, ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড মোংলা ইপিজেডে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সামগ্রী উৎপাদনের কারখানা স্থাপন করবে। সেখানে পলি ব্যাগ ও শিট, গাম টেপ, স্কচ টেপ, প্যাকিং ও মাস্কিং টেপ, কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল পেপার, হেডার কার্ড, বারকোড স্টিকার, আরএফআইডি লেবেল ও সেলফ-অ্যাডহেসিভ স্টিকার উৎপাদন করা হবে। কারখানাটিতে বছরে প্রায় ১ কোটি ৯৫ লাখ কেজি পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে ৪৫০ জনের কর্মসংস্থান হবে, যাদের মধ্যে ৪৪৮ জন বাংলাদেশি।

এর আগে গত ১২ অক্টোবর চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্টস কোম্পানি লিমিটেড মোংলা ইপিজেডে পোশাক কারখানা স্থাপনে বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করে। প্রতিষ্ঠানটি ১ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগে বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। এ কারখানায় ৩ হাজার ৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। দুটি চুক্তি মিলিয়ে মোংলা ইপিজেডে নতুন বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ২ কোটি ৫০ লাখ ৭০ হাজার ডলার।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ অক্টোবর প্রথমবার এবং ৫ নভেম্বর দ্বিতীয়বার মোংলা সফর করেন। দ্বিতীয় সফরে তিনি বন্দরের সক্ষমতা ও আধুনিক সেবা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করা হবে। এতে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: শেরপুর সীমান্তে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ওই সফরে বিনিয়োগ সহযোগিতা জোরদারে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও সবুজ অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের কথা রয়েছে এতে। তবে এটি এখনো সম্ভাব্য বিনিয়োগ যাচাইয়ের সমঝোতা, চূড়ান্ত বিনিয়োগ চুক্তি নয়।

বেপজার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। আরও ছয়টি প্রকল্প বাস্তবায়নাধীন। ইপিজেডটিতে এ পর্যন্ত প্রকৃত বিনিয়োগ এসেছে ২৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রপ্তানির পরিমাণ ১৭০ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বর্তমানে এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশি।

বন্দর ও ইপিজেড ঘিরে নতুন বিনিয়োগের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী মন্তব্য করেন, "দীর্ঘদিন ধরে আধুনিক জেটি ও ইয়ার্ডের সংকটে বড় জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ে সীমাবদ্ধতা ছিল।" প্রধানমন্ত্রীর সফরের পর চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের উন্নয়ন প্রকল্প এবং একের পর এক বিনিয়োগ চুক্তি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখন মোংলাকে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করছেন।

মোংলা বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, "ইপিজেডের নতুন কারখানাগুলো উৎপাদনে গেলে কাঁচামাল আমদানি ও তৈরি পণ্য রপ্তানির জন্য বন্দরের ওপর চাপ বাড়বে।" এতে শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিকদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: সিলেটের ব্যবসায়ীদের ভারতীয় বিজনেস ভিসা ৫ বছর মেয়াদি করার দাবি

মোংলা প্রেসক্লাবের সভাপতি ও বন্দর ব্যবহারকারী আহসান হাবিব হাসান বলেন, "উপকূলীয় এই জনপদে শিল্পায়নের অভাবে দীর্ঘদিন কর্মসংস্থানের সংকট ছিল।" ইপিজেডে সাড়ে তিন হাজারের বেশি মানুষের কাজের সুযোগ এবং বন্দর ঘিরে বড় বিনিয়োগের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন হচ্ছে কিনা, সেদিকে নজর রাখতে হবে।

উন্নয়ন উদ্যোগের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশকর্মীরাও। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনা সমন্বয়ক অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, "মোংলাকে ঘিরে বড় বিনিয়োগ ও কর্মসংস্থানের উদ্যোগ ইতিবাচক।" তবে নতুন কারখানাগুলোর অবকাঠামো নির্মাণ শেষ করে উৎপাদনে যেতে আরও এক থেকে দুই বছর সময় লাগবে। একই সঙ্গে সুন্দরবনের প্রতিবেশ রক্ষা, বন্দরের ১৪৪ কিলোমিটার নৌ চ্যানেলের নাব্যতা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা গেলে মোংলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প ও অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের ব্যবসায়ীদের ভারতীয় বিজনেস ভিসা ৫ বছর মেয়াদি করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


সিলেটের ব্যবসায়ীদের ভারতীয় বিজনেস ভিসা ৫ বছর মেয়াদি করার দাবি

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ এক বছর থেকে বৃদ্ধি করে ৫ বছর করার দাবি জানানো হয়েছে। এছাড়া অন্তত দুটি এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দর দিয়ে নিরবচ্ছিন্ন আমদানি-রপ্তানি বাণিজ্য নিশ্চিত করার কথাও বলেছেন সিলেটের ব্যবসায়ীরা।

এই দাবিগুলো বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মতবিনিময় সভায় উত্থাপন করা হয়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ যৌথভাবে সভার আয়োজন করে। সভায় তামাবিল, শেওলা, ভোলাগঞ্জ স্থলবন্দর এবং বড়ছড়া স্থল শুল্ক স্টেশনের আমদানিকারক নেতারা উপস্থিত ছিলেন।

সভাটি সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে পরিচালিত হয়, যেখানে সংগঠনের সাধারণ সম্পাদক আতিক হোসেন ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। ব্যবসায়ীরা প্রতিবছর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বিটুবি সম্মেলন আয়োজনের দাবি জানান।

অনিরুদ্ধ দাস ভিসা জটিলতা নিরসনের আশ্বাস দিয়ে বলেন, "কোনো ব্যবসায়ীর ভিসা বা বাণিজ্যসংক্রান্ত সমস্যা হলে সংশ্লিষ্ট সংগঠনের প্যাডে আবেদন জানাতে হবে।" তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া সীমান্ত এলাকার বাণিজ্যিক কার্যক্রম সরেজমিন পরিদর্শনেরও আশ্বাস দেন তিনি।

সভায় বক্তব্য দেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক রফিকুল ইসলাম শাহপরান, ভোলাগঞ্জ পাথর আমদানিকারক গ্রুপের সহসভাপতি বশির আহমদ, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম এবং সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


শেরপুর সীমান্তে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাদের আটক করে। পরে রাতে আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয় এবং মামলা দায়ের করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরের সময় পানিহাতা ফেকামারী সীমান্ত পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তাদের মধ্যে আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) এবং রাকিব হাসান (৮) অন্তর্ভুক্ত রয়েছে। সকলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতার ধাওয়া খেয়ে যুবলীগ নেতার শ্বশুরবাড়িতে আশ্রয়, পরে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


বিএনপি নেতার ধাওয়া খেয়ে যুবলীগ নেতার শ্বশুরবাড়িতে আশ্রয়, পরে গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা, বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে, পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে আশ্রয় নেন হাবিবুর রহমান। এরপর তিনি লাফিয়ে একটি দোকানের ছাদে চলে যান।

পরে, সেখান থেকে তাকে আটক করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে বিএনপির নেতা–কর্মীরা তাকে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তার হওয়া যুবলীগের এই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানা লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি।

আবদুর রশিদ, রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। এই ঘটনার পর খবর ছড়িয়ে পড়ে যে বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

আবদুর রশিদ জানান, যুবলীগ নেতা হাবিবুর রহমান এই মহল্লায় এসে ভাড়া বাসায় থাকতেন, বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। কিছুদিন ধরে তিনি লক্ষ্য করেন যে, তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে তিনি চা খেতে আসতেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেও তিনি এসেছিলেন।

আবদুর রশিদ বলেন, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির লোকজন নাটোর বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে ২০-৩০ জন লোক এসে হাবিবুর রহমানকে মারধর শুরু করেন। তিনি তাদের হাত থেকে ছুটে দৌড় দিয়ে তার (আবদুর রশিদের) বাসায় আশ্রয় নেন। সেখান থেকে তিনি পাশের একটি দোকানের ছাদে গিয়ে আশ্রয় নেন। বিএনপির নেতা–কর্মীরা সেখানে তাকে আটক করে আবার মারধরের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাদের বাধা দেন। পরে খবর দিলে পুঠিয়া থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হলে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে আরেকটি দোকানের ছাদে যান।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাবিবুর রহমানের নামে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা–পুলিশ তাকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে নাটোর সদর থানার পুলিশের কাছে তারা শুধু হস্তান্তর করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রিদের গোলপোস্টে কোর্তোয়ার ১০ বছর পূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


মাদ্রিদের গোলপোস্টে কোর্তোয়ার ১০ বছর পূর্ণ

রিয়াল মাদ্রিদের গোলপোস্টে থিবো কোর্তোয়া আরও দুই বছর থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ ক্লাবটি বেলজিয়ান এই গোলরক্ষকের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে। নতুন চুক্তির আওতায়, ৩৪ বছর বয়সী এই তারকা সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন।

শুক্রবার (২০ নভেম্বর) রিয়াল মাদ্রিদ একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। এই নতুন চুক্তির ফলে কোর্তোয়া ক্লাবটিতে যোগ দেওয়ার পর এক দশক পূর্ণ করার সুযোগ পাচ্ছেন।

২০১৮ সালে রিয়ালে যোগদান করেন বেলজিয়ামের এই গোলরক্ষক। এরপর থেকে তিনি ক্লাবটির হয়ে নয় মৌসুমে ৩৪৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করেছেন। এই সময়ে তিনি মোট ১৪টি শিরোপা জিতেছেন। এর মধ্যে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে, তিনটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ অন্তর্ভুক্ত রয়েছে।

রিয়ালের বিবৃতিতে সাম্প্রতিক বছরগুলোতে দলের বড় সাফল্যে কোর্তোয়ার অবদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। গোলরক্ষক হিসেবে তাঁর অভিজ্ঞতা, ক্ষিপ্রতা ও নেতৃত্ব দলের রক্ষণভাগের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ক্লাব কর্তৃপক্ষ মনে করে।

নতুন চুক্তির মাধ্যমে রিয়াল কোর্তোয়ার ওপর দীর্ঘমেয়াদি আস্থা বজায় রেখেছে। অভিজ্ঞ এই গোলরক্ষক আগামী মৌসুমগুলোতেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অব্যাহত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%