০৪:০৬ পি.এম
রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫০ বছর বয়সী শিক্ষিকা সতাব্দী চাকমা মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে গুরুতর আহত অবস্থায় শতাব্দী চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তার মৃতু ঘোষণা করেন।
শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতা প্রয়াত রবীচন্দ্র চাকমা এবং মাতা প্রয়াত লক্ষ্মীদেবী চাকমা।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে তিনি নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময়, রাস্তার পাশে থাকা একটি জামগাছ থেকে ফল পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তার হাতের বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, সকালে নানিয়ারচর আসার পথে এক স্কুল শিক্ষিকা ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কসবায় দু'পক্ষের সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন