১০:৩২ পি.এম
চট্টগ্রামের পটিয়ায় এক মুদি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ৪-৫ জনের একটি দল তার পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা পরে তার সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ ফোরকান (২৯)। তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার বাবা হাফেজ মো. আবু জাফর। ফোরকান পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকানের বেচাকেনা শেষে দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
আরও পড়ুন: ব্রিজ নির্মাণ হলেও ছয় গ্রামের মানুষের দুঃখ দূর হয়নি
এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা তার কাছে থাকা ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতির আশঙ্কায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ফোরকানের মামাতো ভাই মোহাম্মদ তানভীর বলেন, "এ হামলার পেছনে পূর্ব শত্রুতা রয়েছে, নাকি এটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা তা খতিয়ে দেখা প্রয়োজন।" তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, "ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, রাতের আঁধারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এমন হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন: গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫ বছর বয়সী তরুণের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন