ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হুথিদের সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি


হুথিদের সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করেছে। বুধবার (২৫ নভেম্বর) সংঘটিত এই হামলায় শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গোষ্ঠীটি জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

উপগ্রহ থেকে ধারণ করা ছবিতে স্থাপনাটির ওপর ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। উল্লেখ্য, শোধনাগারটি বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের নিকটে অবস্থিত।

ঘটনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই তেল শোধনাগারটির আয়তন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সমান। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং প্ল্যানেট ল্যাবসের উপগ্রহ চিত্রেও স্থাপনাটির ওপর ঘন কালো ধোঁয়া দেখা গেছে।

আরও পড়ুন: নেপালের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগব্যবস্থা গড়তে ভারতের স্যাটেলাইট সহযোগিতা

সৌদি সরকার এবং দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে হুতি গোষ্ঠী। দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো এবং বিভিন্ন অফিস ভবন লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এক পর্যায়ে অনেকটা স্থিমিত হয়ে এলেও গত জুলাইয়ে তা আবার তীব্র হয়ে উঠেছে। এর পেছনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনারও প্রভাব রয়েছে। এর আগে হুতিদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।

এসব হামলার কারণে রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবকে এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট এবং দেশের অন্যতম বড় বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই)-এর মতো আন্তর্জাতিক আয়োজন স্থগিত বা বাতিল করতে হয়েছিল।

এদিকে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রাস তানুরার কাছে চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার জোটটি জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোনগুলো সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে ধ্বংস করা হয়। তবে ড্রোন হামলায় রাস তানুরা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি জোটের পক্ষ থেকে।

আরও পড়ুন: ভারতকে নজরবন্দি করতে চীন-পাকিস্তানের যৌথ স্যাটেলাইট নেটওয়ার্ক

রাস তানুরা তেল শোধনাগারে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। হুতিদের সঙ্গে চলমান সংঘাতের সময় এর আগেও গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি হামলার শিকার হয়েছে।

শোধনাগারটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি বিশাল তেল অবকাঠামো কমপ্লেক্সের অংশ। একসময় এটি ছিল সৌদি আরবের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত ইয়ানবু বন্দরের গুরুত্ব বেড়েছে। ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সেখানে তেল সরবরাহ করা হয়।

বুধবার দিনের পরবর্তী সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের জাজান বন্দরে আঘাত হেনেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

বুধবার গভীর রাতে হুতিরা দাবি করে, তারা সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে। জাজানের মতো জেদ্দা বন্দরও দেশের লোহিত সাগর উপকূলে অবস্থিত। তবে জেদ্দা বন্দরে হামলার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: জোড়া ঝড়ের তাণ্ডবে কাবু যুক্তরাষ্ট্র, থ্যাংকসগিভিং উৎসবে ভ্রমণ ব্যাঘাত

গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত কয়েকটি এলাকা হুতিদের দখলে যাওয়ার পর সৌদি আরবের সঙ্গে তাদের সংঘাত আরও তীব্র হয়েছে। বর্তমানে হুতিরা বাব আল-মানদাব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে।

বিশ্ববাণিজ্য ও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত হরমুজ প্রণালির সঙ্গে যুক্ত নয়, বরং লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। বাব আল-মানদাব প্রণালি উপসাগ্রীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান ইফারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান ইফারের

আলজেরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আলজেরিয়া-২০২৭’। বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী হাফেজদের আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘তাজবীদসহ পূর্ণ কুরআন হিফজ’ বিষয়ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রাথমিক পর্ব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২১ থেকে ২৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ থেকে ৫ জানুয়ারি।

এর আগে, বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের জন্য আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও শর্ত

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স ২৫ বছরের বেশি হওয়া যাবে না। শুধুমাত্র পুরুষ হাফেজরা এ প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর কাছে কমপক্ষে এক বছর মেয়াদ রয়েছে এমন আন্তর্জাতিক পাসপোর্ট (এমআরপি বা ই-পাসপোর্ট) থাকতে হবে। পাসপোর্ট না থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে। এ অর্থ রূপালী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’-এর চলতি হিসাব নম্বর ৫৫২০০২০০৫০০০৫, রূপালী ব্যাংক পিএলসি, রোকেয়া সরণি শাখার অনুকূলে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে মূল জমা রশিদ সংযুক্ত করতে হবে। বিকল্প হিসেবে যেকোনো তফসিলি ব্যাংক থেকে একই প্রতিষ্ঠানের নামে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দেওয়া যাবে। আবেদন ফি অফেরতযোগ্য এবং জমা রশিদ বা ব্যাংক ড্রাফটের ফটোকপি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সঙ্গে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের কপি, হিফজের সনদের কপি, জীবনবৃত্তান্ত এবং নির্ধারিত আবেদন ফরম জমা দিতে হবে।

আবেদন যেভাবে করবেন

আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সংশ্লিষ্ট বিভাগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আগামী ৬ ডিসেম্বর ২০২৬, রবিবার বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এর আগে আলজেরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজদের আবেদন করার প্রয়োজন নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা হয় এবং তাদের কষ্ট না দেওয়া হয়।

তিনি উল্লেখ করেছেন, যত্ন নিতে না পারলেও অন্তত প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'

তারেক রহমান আরও বলেন, 'অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে। তাদের কষ্ট দেয়। এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।'

প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'কোনো প্রাণীর প্রাণে কষ্ট না দিতে হবে। কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি, সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।'

শিশুদের মধ্যে প্রাণীকূলের প্রতি যত্ন নেয়ার মানসিকতা তৈরি করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, 'ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।'

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক পরিবারগুলোর লাগাম টানতে ১২ নতুন প্রদেশ গঠনের প্রস্তাব আসিম মুনিরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


রাজনৈতিক পরিবারগুলোর লাগাম টানতে ১২ নতুন প্রদেশ গঠনের প্রস্তাব আসিম মুনিরের

পাকিস্তানের চারটি প্রদেশের কাঠামো ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের প্রস্তাবের ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ক রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। তবে নতুন প্রদেশ গঠনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন প্রদেশ গঠনের উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর দীর্ঘদিনের আধিপত্যকে দুর্বল করা, শরিফ ও জারদারি পরিবারের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ও প্রভাবকে খণ্ডিত করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণকে আরও সুসংহত করা। তবে এই উদ্যোগ বাস্তবায়নের পথে রাজনৈতিক ও সাংবিধানিক নানা বাধা জটিলতা সৃষ্টি করতে পারে।

বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, জেনারেল আসিম মুনির নিজেও সামরিক পোশাকে প্রেসিডেন্ট হওয়ার পথে অগ্রসর হতে চাইছেন। পাকিস্তানের সাবেক সামরিক শাসক জিয়াউল হক ও পারভেজ মোশাররফের মতো ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যও তার রয়েছে। তবে এ উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের প্রভাবশালী শরিফ ও জারদারি পরিবার। তারা ভিন্ন ভিন্ন কৌশলে এর মোকাবিলা করছেন।

আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারি সরাসরি বিরোধিতা করছেন। অন্যদিকে, নওয়াজ শরিফ সময়ক্ষেপণের কৌশল গ্রহণ করেছেন বলে বিশ্লেষণে বলা হয়েছে। পাঞ্জাব অঞ্চলের ছোট জাতিগোষ্ঠীগুলো নতুন প্রদেশ গঠনের প্রস্তাবকে স্বাগত জানাতে পারে। তবে সিন্ধু প্রদেশে এ উদ্যোগকে কেন্দ্র করে সহিংসতা, বিশৃঙ্খলা ও গুরুতর রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রদেশগুলোর সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে পাকিস্তান ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। কারণ, বর্তমানে দেশের প্রশাসনিক পুনর্গঠনের জন্য অনুকূল পরিবেশ নেই। বরং রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে অবিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রাদেশিক সীমানা পরিবর্তনের উদ্যোগ নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। একই সঙ্গে সমাজে বিদ্যমান বিভেদ আরও গভীর হতে পারে। বিশেষ করে পশতুন ও বেলুচ কিংবা সিন্ধি ও পাঞ্জাবিদের মধ্যে বিদ্যমান বিরোধ তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, নতুন প্রদেশ গঠনের বিষয়ে পাকিস্তানের নীতিনির্ধারক মহল বা ‘এস্টাবলিশমেন্ট’ নিজেদের অবস্থানে অনড় থাকতে পারে। তবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এটি বাস্তবায়নের চেষ্টা করলে নীতিনির্ধারকদের বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।

মুঈদ পীরজাদা একজন পাকিস্তানি ভূ-কৌশল বিশ্লেষক। মুহাম্মদ আমির রানা নিরাপত্তা বিশ্লেষক এবং ইসলামাবাদভিত্তিক ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ’-এর সাবেক পরিচালক। এই লেখায় প্রকাশিত মতামত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নতুন পার্কের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নতুন পার্কের পরিকল্পনা

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘ বছর ধরে স্থানীয়রা এই সরকারি মালিকানাধীন জমি দখল করে দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছিল। গণপূর্ত বিভাগ জানিয়েছে, এই জমি উদ্ধার করে পার্ক নির্মাণের ব্যবস্থা করা হবে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হারিসুর রহমান জানান, প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন এবং সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন এবং ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

গণপূর্ত বিভাগ জানায়, সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। পুরাতন কলেজ খেয়াঘাটের পাশাপাশি পর্যায়ক্রমে গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য জমিরও দখলমুক্ত করা হবে। শহরবাসীর দাবির প্রেক্ষিতে কলেজ খেয়াঘাটের উচ্ছেদ করা জায়গাটিতে পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%