প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলে স্ত্রীকে হত্যার অপরাধে মো. নুরুল আবসার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। বিবাহের মাধ্যমে নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার কোনো অনুমতি নেই; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের সম্পর্ক।
সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
বিচারকের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলার সাক্ষ্য ও প্রমাণের পর্যালোচনায় প্রতীয়মান হয় যে আসামি মো. নুরুল আবসার তার স্ত্রী মোছা. খবিরুন নেছাকে হত্যা করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।
তিনি আরো বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। বিবাহ কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তার ওপর নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ; তারও রয়েছে নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার।
বিচারক বলেন, দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা রয়েছে, কিন্তু সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবনই কেড়ে নেয় না, সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। সমাজকে উপলব্ধি করতে হবে, স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে নুরুল আবসারের সঙ্গে খবিরুন নেছার বিয়ে হয়। তাদের দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ১০ সেপ্টেম্বর খবিরুন নেছা তার গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফেরেন। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাকে মারধর করে বাসা থেকে চলে যান। ওই দিন দুপুরে বাসার অন্যান্য ভাড়াটিয়ারা খবিরুন নেছাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. জুব্বার বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম।
একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন