ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সরকারি দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী


সরকারি দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, ‘ফ্যাসিস্ট আমলের মনোভাব নিয়ে আর চাকরি করা যাবে না।’

মন্ত্রী আরও বলেছেন, যারা কাজ করতে ইচ্ছুক নন, তাদের চাকরি ছেড়ে চলে যেতে হবে। দায়িত্ব পালনে অবহেলা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

সভায় আলোচনা হয় জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে।

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে যা হয়েছে, আমরা তা করতে চাই না। ফ্যাসিস্ট আমলের চাকরি আর করা যাবে না। মন থেকে ওইসব বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করুন। আর যারা কাজ করতে চান না, তারা চাকরি ছেড়ে চলে যান। কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনবান্ধব কাজ করতে হলে প্রত্যেকের নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে জনগণ সন্তুষ্ট হবে, অন্যথায় তারা মুখ ফিরিয়ে নেবে।

প্রধানমন্ত্রীর কর্মস্পৃহার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি যদি এত সময় কাজ করতে পারেন, তাহলে আমরা কেন পারব না- এই প্রশ্ন নিজের বিবেককে করলে কর্মস্পৃহা নিয়ে কাজ করা সম্ভব।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স

মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে সংস্কার ও এগিয়ে নিতে হবে। নেতৃত্বের অভাবে বাংলাদেশ পিছিয়ে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশে মাদকের বিস্তার ঘটেছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি জুয়া, চোরাচালান বন্ধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

দেশে সার সংকট নেই দাবি করে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং স্থানীয় পর্যায়েও সংকট নেই। শম্ভুগঞ্জ সার গুদাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই সার ডিলার এবং টিসিবি ও ওএমএসের ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে কর্মসংস্থানের একটি ব্যবস্থা করা হচ্ছে। এর আওতায় ১০ হাজার যুবককে বিনা খরচে এবং আরও তিন লাখ যুবককে স্বল্প খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের চাকরিতে এখন টাকা লাগে না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: বিএনপি সব ধর্মের মানুষের সমন্বয়ে উন্নত রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে এই সমস্যা পেয়েছে। সংকট সমাধানে সময় প্রয়োজন। বিরোধী দল এ নিয়ে আন্দোলন করতে পারে, তবে সরকার সরে গেলে তারাও এ সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহে এলজিইডির উন্নয়নকাজ ফেলে রাখার ঘটনায় সংশ্লিষ্ট ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার উন্নয়নে তিনি সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সর্বাত্মকভাবে কাজ করতে চান।

সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছার এমপি জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জের এমপি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গফরগাঁওয়ের এমপি আকতারুজ্জামান বাচ্চু, ফুলবাড়ীয়ার এমপি মোহাম্মদ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বড় বিনিয়োগের পরিকল্পনা ইউজিসির, বাড়ছে পিএইচডি ফেলোশিপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বড় বিনিয়োগের পরিকল্পনা ইউজিসির, বাড়ছে পিএইচডি ফেলোশিপ

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা বৃদ্ধি ও টেকসই গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পিএইচডি ও পোস্ট ডক্টরাল ফেলোশিপের সংখ্যা বৃদ্ধিসহ বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ ইউজিসির ১৭৯তম পূর্ণ কমিশন সভায় সভাপতির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব তথ্য জানান।

সভায় চেয়ারম্যান জানান, ইউজিসির নিজস্ব পিএইচডি স্কলারশিপের সংখ্যা ৭৫টি থেকে বাড়িয়ে ১০০টিতে উন্নীত করা হয়েছে। আগামী অর্থবছর থেকে পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশে পিএইচডির সুযোগ ১০টি থেকে বাড়িয়ে ৩৫টি করা হয়েছে এবং পোস্টডক্টরাল ফেলোশিপের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে এ সংক্রান্ত বিশেষ বরাদ্দের প্রস্তাব সরকারের কাছে পেশ করা হবে।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষক সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ ও বিদেশি পিএইচডির সুযোগ সম্প্রসারণ জরুরি। ইউজিসির লক্ষ্য হলো গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কার্যক্রমে পরিণত করা এবং গবেষণালব্ধ ফলাফলকে দেশের বাস্তব সমস্যা সমাধান, শিল্প ও অর্থনীতির উন্নয়নের সাথে যুক্ত করা।’

তিনি আরো বলেন, ভবিষ্যতে গবেষণায় বিনিয়োগকে কৌশলগত ও ফলাফলভিত্তিক করা হবে এবং যে বিশ্ববিদ্যালয় গবেষণা ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে কার্যকর অবদান রাখবে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়ন করা হবে।

সভায় ‘ইউজিসি প্রমোশনাল অ্যান্ড একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প নীতিমালা, ২০২৬’ অনুমোদন দেওয়া হয়।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হুসাইন এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণা, ৩১ আগস্ট, ২০২৬ : জেলার দুর্গাপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে নওশাদ (০৪) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু নওশাদ দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মেহেদী হাসান রাকিবের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নওশাদ বাড়ির উঠানে প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে সে সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন এবং দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নওশাদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


যশোর সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

যশোর, ৩১ আগস্ট, ২০২৬ : আজ শার্শা উপজেলার সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় শাড়ি, ফুচকা, চকলেট এবং কসমেটিকস সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) -এর বেনাপোল আইসিপি টহলদল এই অভিযানটি পরিচালনা করে।

জানা যায়, শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চলাকালে ৬৯টি ভারতীয় শাড়ি, তিনটি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, চারকেজি জিরা, দুইকেজি কিসমিস, ৫৪২টি চকলেট এবং ৩১৩টি বিভিন্ন কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক সাতলাখ ৬৩ হাজার ৩৫০ টাকা।

বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


পটিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ, যা প্রান্তিক পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। এই প্রশিক্ষণ ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ এর আওতায় পটিয়া উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজন করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) সকালে পটিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তৌহিদুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত ১০টি প্রান্তিক পেশার সঙ্গে যুক্ত ৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ী অংশগ্রহণ করছেন।

 

প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ব্যবসা পরিচালনা, পরিকল্পনা, গ্রাহক ব্যবস্থাপনা, উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আয়-উপার্জনের সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান মন্তব্য করেন, ‘প্রান্তিক পেশাজীবীরা স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পারলে শুধু ব্যক্তিগত আয় নয়, পরিবার ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।’ তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ব্যবসায় কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

 

প্রধান অতিথি মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘শুধু আর্থিক সহায়তা নয়, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে টেকসইভাবে এগিয়ে নিতে সঠিক পরিকল্পনা, দক্ষতা, বাজার সম্পর্কে ধারণা এবং গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির সক্ষমতা প্রয়োজন। সফট স্কিলস প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের এসব বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা মূল্যায়নের পাশাপাশি সম্ভাবনাময় ব্যবসা চিহ্নিত করা, ব্যয়ের খাত নির্ধারণ, বাজারের চাহিদা বোঝা এবং ব্যবসার পরিধি বাড়ানোর কৌশল সম্পর্কে জানতে পারবেন।

পটিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ‘পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পের আওতায় উপজেলার ১০টি প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে

 

এছাড়া, আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই জীবনমান নিশ্চিত করাও এই উদ্যোগের লক্ষ্য।

প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের পরিচিতি, জড়তা দূরীকরণ ও প্রশিক্ষণ প্রত্যাশা নির্ধারণের পাশাপাশি সফল ব্যবসায়ীদের গল্প, ব্যবসায়িক কাউন্সেলিং, পেশাগত দক্ষতা উন্নয়ন ও ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী সেশনগুলোতে ব্যবসার ধরন ও ব্যবসা নির্বাচনের কৌশল, উদ্যোক্তার ধারণা, সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য এবং সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।

প্রশিক্ষণে বক্তৃতানির্ভর পদ্ধতির পাশাপাশি দলীয় কাজ, প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময়, অ্যাক্টিভিটি শিট ও ব্রেইনস্টর্মিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করা হচ্ছে। এতে তাঁরা নিজেদের ব্যবসার বাস্তব সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার সুযোগ পাচ্ছেন।

প্রশিক্ষণে কোর্স উপদেষ্টা হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। কোর্স পরিচালক হিসেবে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১০ দিনের প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীকে আর্থিক অনুদান দেওয়া হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাঁদের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%