০৩:১৬ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর লেখা আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।
এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরের প্রত্যাশা প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী।
হুমায়ুন কবির শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তিনি জনগণমুখী উন্নয়ন মডেল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন, যেমন ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। পাশাপাশি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন