০৩:১৪ পি.এম
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি শিক্ষা ক্যাডারের ১৬তম বিসিএসে নির্বাচিত একজন কর্মকর্তা। এর আগে তিনি সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন।
হিসাববিজ্ঞান বিষয়ের এই অধ্যাপক দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে এনসিটিবির নিয়মিত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেকের কাছে তিনি যোগদানপত্র প্রদান করেন। যোগদান শেষে সন্ধ্যায় রাজধানীর মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মাহবুবুল হক পাটওয়ারীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব
এসময় এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মোহাম্মদ আবু নাসের টুকু, সদস্য (কারিকুলাম) প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক, সদস্য (প্রাথমিক) প্রফেসর ড. মো. ইকবাল হায়দার, সদস্য (অর্থ) আজীজ হায়দার ভুঁইয়া, প্রধান সম্পাদক প্রফেসর মুহাম্মদ ফাতিহুল কাদীর, সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস এবং বোর্ডের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত চেয়ারম্যানকে এনসিটিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার, প্রথম কর্মদিবসে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান বাসস-কে বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এনসিটিবি বদ্ধপরিকর।’
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিগত বছরগুলোতে মার্চ-এপ্রিল পর্যন্ত পাঠ্যপুস্তক সরবরাহের যে বিলম্ব ছিল, এবার তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুদ্রণ শেষ করে মাঠপর্যায়ে বই তুলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।
আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার
এনসিটিবি’র চেয়ারম্যান আরও বলেন, ‘এনসিটিবিতে যারা দায়িত্ব পালন করেন, তাদের কাজ মূলত একটি 'স্লিপলেস' বা অহোরাত্র পরিশ্রমের। এটি জেনে ও বুঝেই আমি এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি।
এনসিটিবির কর্মকর্তারা জানান, নতুন চেয়ারম্যান যোগদানের ফলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যপুস্তক সময়মতো মুদ্রণ ও সরবরাহের চলমান রোডম্যাপের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন