০৪:০৯ পি.এম
পাঞ্জাব সরকার লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমানোর উদ্দেশ্যে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধ করতে বিশেষ অভিযান শুরু করেছে। এই কার্যক্রমের জন্য ৬৭টি দ্রুত সাড়াদানকারী দল গঠন করা হয়েছে। এসব দলে ৭৫০ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি সপ্তাহে পাঞ্জাব জুড়ে জমিতে আগুন লাগানোর ৬৭৯টি খবর পাওয়া গেছে মাত্র ২৪ ঘণ্টায়। এর মধ্যে কর্তৃপক্ষ ৬৫০টি আগুন নেভানোর দাবি করেছে। দলগুলো ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্যে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে কাজ করার চেষ্টা করছে।
ধানের খড় পোড়ানোর কারণে কৃষকদের প্রতি একর জমির জন্য ১৫ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হচ্ছে। জরিমানা না দিলে কারাদণ্ডেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া, খড় না পুড়িয়ে জমি পরিষ্কারের জন্য কৃষকদের ১০ হাজারের বেশি ভর্তুকির কৃষিযন্ত্র প্রদান করা হয়েছে, যার ৬০ শতাংশ খরচ সরকার বহন করছে।
আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত
তবে নতুন উদ্যোগ গ্রহণের পরও লাহোরে বায়ুদূষণ এবং ধোঁয়াশার প্রভাব অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্ট, গলা ও চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের আগমন ঘটছে।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন