০৩:৩৭ পি.এম
কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী সরকারের সময় দেশের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। তিনি বলেন, এ সেক্টরটি একবারে পচে গেছে। বর্তমান সময়ে শিক্ষাখাতকে বাঁচাতে হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাখাতের আমূল পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আজ সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে কাজ করছি। এ কনসেপ্ট সরকারকে দেবো। আমি কুমিল্লায় শিক্ষক সমাবেশের আয়োজন করবো। এতে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। শিক্ষক সমাবেশে শিক্ষা মন্ত্রী ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীও থাকবেন। সেখানে আপনারা সব দাবি তুলে ধরবেন।’
আরও পড়ুন: চুনারুঘাটে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম গ্রেপ্তার
তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষকদের উপর অনেক অবিচার করা হয়েছে। তারা নানাভাবে বঞ্চনার শিকার। বর্তমান বিএনপি সরকার প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভাবছে এবং তাদের সমস্যা সমাধানে কাজ করছে।
নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা বর্ণনা করে মনিরুল হক বলেন, ‘একজন শিক্ষক পারেন ছাত্রকে পরিবর্তন করতে এবং তার সুপ্ত মেধাকে বিকশিত করতে। আমার স্কুলে আমি অঙ্কে ফেইল করতাম। কিন্তু আমার স্কুল জীবনে কোরবান আলী স্যার ছিলেন। স্যারের নার্সিংয়ে আমি মেট্রিক (এসএসসি) পরীক্ষায় অঙ্কে লেটার মার্কস পেয়েছি।’
তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে তিনি কথা বলেছেন এবং নতুন ডিজি তাকে জানিয়েছেন, শিগগিরই বদলির বিষয়টি লোকাল প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনায় ছিলেন জহুরেন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
আরও পড়ুন: রোজি পেরিউইঙ্কল (নয়নতারা)Ñছাদবাগানের সৌন্দর্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন