প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজে সম্পদের অভাবের চেয়ে বড় সমস্যা হলো সম্পদের অসম বণ্টন এবং অব্যবহার। একদিকে, অনেকের জমি, পুকুর, গবাদি পশু, ভবন কিংবা উৎপাদনক্ষম যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে; অন্যদিকে, সামান্য পুঁজি বা উপকরণের অভাবে বহু মানুষ কর্মসংস্থান ও উৎপাদনের সুযোগ থেকে বঞ্চিত হয়।
এই ব্যবধান কমানোর জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও মানবিক ধারণা হলো মানিহা। মানিহা বলতে বোঝায় এমন একটি কল্যাণমূলক ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তি নিজের সম্পদের মালিকানা অক্ষুণ্ন রেখে অন্য কাউকে নির্দিষ্ট সময়ের জন্য তা ব্যবহার করার অথবা তা থেকে উৎপন্ন সুফল ভোগ করার সুযোগ দেন। উদাহরণস্বরূপ, একজন গাভির মালিক তাঁর গাভিটি কোনো দরিদ্র পরিবারকে দেন, যাতে পরিবারটি গাভির দুধ থেকে উপকৃত হতে পারে। তবে গাভির মালিকানা গাভির মালিকের কাছেই থাকবে এবং নির্ধারিত সময় শেষে গাভিটি তাঁকে ফিরিয়ে দেওয়া হবে।
একইভাবে, কৃষিজমি কাউকে চাষাবাদের জন্য, ফলের বাগান ফল সংগ্রহের জন্য কিংবা কোনো যন্ত্রপাতি উৎপাদনকাজে ব্যবহারের জন্য প্রদান করা যেতে পারে। এখানে মূল সম্পদ হস্তান্তর করা হচ্ছে না, বরং সম্পদ থেকে পাওয়া সুবিধা বা উৎপাদিত সুফল ভাগ করে নেওয়া হচ্ছে।
মানিহার এই ব্যবস্থার গুরুত্ব বোঝাতে মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছেন, "উত্তম কাজের সংখ্যা ৪০টি। এর মধ্যে সর্বোত্তম হলো কাউকে দুধেল ছাগল মানিহা হিসেবে দেওয়া।" (সহিহ বুখারি, হাদিস : ২৪৮৮)
অন্য একটি হাদিসে দুধেল পশু মানিহা হিসেবে দেওয়াকে উত্তম সদকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব হাদিস থেকে বোঝা যায়, মানুষের কল্যাণে নিজের উৎপাদনক্ষম সম্পদের সুফল অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।
মদিনায় হিজরতের পর আনসার সাহাবিরা মুহাজিরদের নিজেদের খেজুরবাগান ও কৃষিজমির উৎপাদন থেকে উপকৃত হওয়ার সুযোগ দিয়েছিলেন। এর ফলে মুহাজিরদের অর্থনৈতিক সংকট লাঘব হয়েছিল।
এ ব্যবস্থায় কিছু ক্ষেত্রে সম্পদের মালিকও উৎপাদিত ফসলের অংশ পেতেন। আবার একটি সম্পদ থেকে একাধিক ব্যক্তিও উপকৃত হতে পারতেন। মুহাজিররা স্বাবলম্বী হওয়ার পর এসব সম্পদ মালিকদের কাছে ফিরিয়ে দেন। এটি প্রমাণ করে, মানিহা শুধু পশু বা দুধের মধ্যে সীমাবদ্ধ নয়; উৎপাদনক্ষম কৃষিজমি ও অন্যান্য সম্পদের ক্ষেত্রেও এর প্রয়োগের সুযোগ রয়েছে।
আধুনিক অর্থনীতিতে মানিহার প্রয়োগ আরো বিস্তৃত হতে পারে। সরকার, ব্যাংক, ওয়াকফ প্রতিষ্ঠান, সমবায় কিংবা দাতব্য সংস্থা অব্যবহৃত জমি, ভবন, যানবাহন ও যন্ত্রপাতি এ ব্যবস্থার আওতায় উপযুক্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের জন্য ব্যবহারযোগ্য করে তুলতে পারে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান উদ্বৃত্ত বা অব্যবহৃত সম্পদ কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের ব্যবহারের জন্য দিতে পারে। ইসলামী আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজনে মানিহার সঙ্গে ইজারা, মুজারাআ বা মুশারাকার মতো শরিয়াহসম্মত চুক্তির সমন্বয় করতে পারে। এতে কিছু সুবিধা বিনা মূল্যে দেওয়া সম্ভব হবে, আবার পৃথক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের বিনিয়োগ বা পরিচালন ব্যয়ও পুনরুদ্ধার করা যাবে।
মানিহার মূল শিক্ষা হলো মানুষের কল্যাণে সব সময় সম্পদের মালিকানা হস্তান্তর করতে হয় না। অনেক সময় সম্পদের ব্যবহার ও সুফল ভাগ করে দিলেই একজন মানুষ স্বাবলম্বী হতে পারেন, একটি পরিবার দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে কিংবা একটি জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। সম্পদ শুধু ব্যক্তিগত ভোগ বা সঞ্চয়ের বিষয় নয়; এর সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। মানিহা সেই দায়বদ্ধতাকে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়ার এক মানবিক ও সম্ভাবনাময় পথ।
লেখক : অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন