০৯:১৯ পি.এম
চট্টগ্রাম, ১৮ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সন্ত্রাসবিরোধী মহড়ায় বন্দরের কর্তৃপক্ষের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনীসহ যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা অংশগ্রহণ করেন।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এ মহড়াটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশনায় আইএসপিএস মনিটরিং সেলের প্রস্তুতির মাধ্যমে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বন্দরের নিরাপত্তার স্তর ১, ২ ও ৩ অনুযায়ী বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অনুশীলন সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
মহড়ায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে অনুপ্রবেশ, অগ্নিকাণ্ড, জোরপূর্বক বন্দরে প্রবেশ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ ও বোমা নিষ্ক্রিয়করণের পরিস্থিতি তৈরি করা হয়। এছাড়া অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশের চেষ্টার বিষয়টিও অনুশীলন করা হয়।
মহড়ার শেষ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল সোয়াডস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, সোয়াডস, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এ মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি নিরাপত্তা পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে। আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের তৃতীয় ব্যাচ শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন