ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র


কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে। কলকাতাভিত্তিক প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার জন্য করা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দুই কেন্দ্রে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন গত ১৭ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও দার্জিলিং জেলার শিলিগুড়িতে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার ও ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যে ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার জন্য করা চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে। সরকার এই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে, ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটিতে ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে উপহাইকমিশনের পক্ষ থেকে।

আরও পড়ুন: প্রেসিডেন্ট পদে লড়তে চাও? মিলারের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন

নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং সেগুলো পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের নাম শিগগিরই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে, ভারতসহ অন্যান্য দেশের যেসব নাগরিক বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ভিসা আবেদনে সাময়িক জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা ও শিলিগুড়ির বিদ্যমান কেন্দ্র দুটির ওপর নির্ভরশীল আবেদনকারীদের নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

বর্তমান কেন্দ্র দুটি ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ায় নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং আবেদন জমা দেওয়ার নতুন ব্যবস্থা ঘোষণা না করা পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।

তবে উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে ভিসা ইস্যু বন্ধ রাখা কিংবা পুরো ভিসা আবেদনপ্রক্রিয়া স্থগিত করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে, বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা দেওয়ার কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

আরও পড়ুন: রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়, বিজেপির ভরাডুবি

কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটি থেকে বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ করা হতো। ভারতীয় নাগরিকদের অনেকেই পূর্বপুরুষের সম্পর্কের সূত্রে বাংলাদেশে আসেন। এ ছাড়া বিভিন্ন প্রয়োজনে প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করেন অনেকে।

শিলিগুড়ির সেভক রোডে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রটি চালু হয়েছিল ২০২২ সালে। এর আগে ২০২১ সালে কলকাতার সল্টলেকে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়।

নতুন ভিসা আবেদন কেন্দ্র এবং আবেদন জমা দেওয়ার পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে আবেদনকারীদের।

এএম

আরও পড়ুন: ককরোচ পার্টি কি আন্দোলন থেকে পিছু হটছে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে গমের বদলে ভুট্টার রুটি খাওয়া ভালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


শীতে গমের বদলে ভুট্টার রুটি খাওয়া ভালো

শীতকালীন মৌসুমে রুটি খাওয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। তবে প্রতিদিন একই ধরনের আটার রুটি খাওয়া অনেকের জন্য একঘেয়ে হয়ে যায়। তাই শীতকালে আটার রুটির পাশাপাশি বাজরা, ভুট্টা, রাগি এবং জোয়ারের রুটি খাওয়ার প্রবণতা দেখা যায়।

এই সব আটার নিজস্ব পুষ্টিগুণ রুটির স্বাদ পরিবর্তন করার পাশাপাশি খাবারের তালিকায় নতুন বৈচিত্র্য নিয়ে আসে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শীতকালে গম ছাড়া কোন কোন আটার রুটি খাওয়া যেতে পারে।

গমের  আটা

গৃহস্থালির অধিকাংশ ক্ষেত্রে গমের আটার রুটি প্রতিদিনের খাবার হিসেবে তৈরি করা হয়। গমের মধ্যে গ্লুটেন থাকার কারণে এই আটা মাখতে কোনো অসুবিধা হয় না। গমের আটা দিয়ে সহজেই রুটি বা পরোটা তৈরি করা সম্ভব। যারা নরম রুটি খেতে পছন্দ করেন, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প।

ভুট্টার আটা

শীতকাল আসলেই অনেকেই ভুট্টার আটার রুটি খেতে পছন্দ করেন। ভুট্টার আটায় গমের আটার মতো আঠালো ভাব থাকে না, ফলে ভুট্টার আটার রুটি বেলতে কিছুটা সমস্যা হতে পারে। এজন্য অনেকেই এই রুটিকে হাতের তালুর সাহায্যে চেপে তৈরি করেন। ভুট্টার রুটি অত্যন্ত সুস্বাদু হয় এবং এটি শাকসবজি, মাখন বা গুড়ের সঙ্গে খাওয়া যেতে পারে।

জোয়ারের আটা

একঘেয়ে খাবারের স্বাদ পরিবর্তনের জন্য জোয়ারের আটার তৈরি রুটিও একটি ভালো বিকল্প। ফাইবার সমৃদ্ধ জোয়ারের আটা প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত। তবে এটি গমের মতো আঠালো নয়, তাই জোয়ারের আটা মাখার সময় হালকা গরম জল ব্যবহার করলে রুটি তৈরি করা সহজ হয়।

রাগির আটা

ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবারের মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ রাগির আটা খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে সক্ষম। গ্লুটেনমুক্ত এই আটার রুটির স্বাদও কিছুটা আলাদা হয়ে থাকে। এই আটা মাখার সময় সামান্য গরম জল ব্যবহার করলে রুটি বানাতে সুবিধা হয়। রাগির আটার তৈরি রুটি পছন্দ অনুযায়ী টকদই ও শাকসবজি সহযোগে উপভোগ করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর আগে আশ্রয় চান ইন্দ্রজিৎ দে, সাহায্যের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


মৃত্যুর আগে আশ্রয় চান ইন্দ্রজিৎ দে, সাহায্যের আবেদন

একসময় গ্রামে গ্রামে গিয়ে শিশু-কিশোরদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন তিনি। শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি পাস। কিন্তু বর্তমানে জীবনের শেষ বয়সে এসে সেই মানুষটিকে কাটাতে হচ্ছে চরম অভাব ও মানবেতর অবস্থায়। নিরাপদ থাকার ঘর নেই, নেই নিয়মিত আয়ের কোনো উৎস। ভাঙাচোরা টিনের ঘরের ওপর পলিথিন টাঙিয়ে স্ত্রীকে নিয়ে কোনোরকমে বেঁচে আছেন ৭০ বছর বয়সী ইন্দ্রজিৎ দে। মৃত্যুর আগে তাঁর একটাই চাওয়া, মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয় যেন পান।

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের প্রয়াত জিতেন্দ্রনাথ দের ছেলে ইন্দ্রজিৎ দে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় পড়াশোনা শেষ করেও কোনো চাকরি জোটেনি। জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই গ্রামের বিভিন্ন বাড়িতে শিশুদের প্রাইভেট পড়ানো শুরু করেন। এ সামান্য আয় দিয়েই চলত তাঁর সংসার।

বাবা-মায়ের মৃত্যুর পর বাবার রেখে যাওয়া সামান্য জমির ওপর একটি খুপরিঘরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের হাতে তুলে দেওয়ার পর মেয়েটি স্বামীর সংসারে ভালোই আছেন। তবে বয়সের ভারে এখন আর আগের মতো বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব হয় না ইন্দ্রজিৎ দের। শারীরিক অসুস্থতার কারণে অন্য কোনো কাজ করেও জীবিকা নির্বাহ করার সামর্থ্য নেই তাঁর।

বর্তমানে বাবার রেখে যাওয়া সামান্য জমিতে থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তাঁর আয়ের একমাত্র অবলম্বন। মেয়ে-জামাই কিংবা শ্বশুরবাড়ির লোকজন মাঝে মাঝে চাল-ডাল ও কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। সেই সহযোগিতায় কোনো রকমে চলে স্বামী-স্ত্রীর সংসার। অনেক সময় অর্ধাহারে-অনাহারেও দিন কাটাতে হয় তাঁদের।

ইন্দ্রজিৎ দের বসতঘরের অবস্থা অত্যন্ত করুণ। ভাঙাচোরা টিনের চাল ও বেড়ার ওপর পলিথিন টাঙিয়ে রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন তাঁরা। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনের বেলাতেও ঘরের ভেতর পর্যাপ্ত আলো প্রবেশ করে না। ফলে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে চলাফেরা করতে হয়। একসময় ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে তিনি জানান।

সরেজমিনে কুমিয়ান গ্রামের তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বসবাসের অনুপযোগী প্রায় ভেঙে পড়া ঘরটিতে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। ঘরের চালের বিভিন্ন অংশ ভাঙা, কোথাও টিনের পরিবর্তে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের ভেতরে নেই স্বাভাবিক বসবাসের পরিবেশ। সামান্য ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগে ঘরটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজের জীবনের দুঃখ-দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইন্দ্রজিৎ দে। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লেও অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। কয়েকটি সুপারি বিক্রি করে পাওয়া সামান্য টাকা দিয়ে কিছু ওষুধ কিনেছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারলেও আগের মতো কাজ করার শক্তি নেই। একসময় বেশ কিছুদিন তাঁকে বিছানায় পড়ে থাকতে হয়েছে।

তাঁর স্ত্রী ঝর্ণা রানী পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ি গ্রামের বাসিন্দা। বয়স হলেও তাঁর শরীরে এখনো কিছুটা শক্তি-সামর্থ্য রয়েছে। কিন্তু সংসারে অভাব থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাপনের ন্যূনতম চাহিদা পূরণ করাও তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের দুঃখ-কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন তিনি।

ইন্দ্রজিৎ দে আক্ষেপ করে বলেন, ‘সারা জীবন মানুষের সন্তানদের পড়িয়েছি। লেখাপড়া শিখেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এখন বয়স হয়েছে, শরীরে আর শক্তি নেই। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। থাকার ঘরটিও ভেঙে গেছে। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।’

একটি নিরাপদ ঘর, দুবেলা খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা-জীবনের শেষ বয়সে এসে ইন্দ্রজিৎ দে ও তাঁর স্ত্রীর চাওয়া এখন এতটুকুই। সমাজের বিত্তবান, মানবিক ও সচেতন ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে তাঁদের আকুল আবেদন, অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হোক। জীবনের শেষ দিনগুলো যেন অন্তত একটু স্বস্তি ও নিরাপত্তার মধ্যে কাটাতে পারেন তাঁরা, এটাই জীবনের শেষ চাওয়া বলে জানান ইন্দ্রজিৎ দে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের জন্য কিছু করার উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া অনিবার্য হতে পারে: ডেভিড ডেস রোচেস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ইরানে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া অনিবার্য হতে পারে: ডেভিড ডেস রোচেস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস মন্তব্য করেছেন যে, ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে। তিনি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা তুলে ধরেন।

ডেভিড ডেস রোচেস, যিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে কাজ করেছেন এবং থায়ের মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক, তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরান কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। এই অবস্থায়, তেহরান সামনে এগোনোর পথ হিসেবে পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ‘ইরানের হামলায় নিরপেক্ষ দেশের বেসামরিক জাহাজ আক্রান্ত হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র উপকূলীয় রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালাচ্ছে। তবুও, ইরানের কাছে ইসরাইল, মার্কিন সামরিক ঘাঁটি কিংবা কাতারের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে। যদি এ পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন যে, এভাবে আর চলতে দেওয়া যায় না।’

ডেস রোচেস আরও বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা হল ইসরাইল। ইসরাইলি সরকারের ভবিষ্যৎ অবস্থান এখনো স্পষ্ট নয়। তবে ইসরাইলে ব্যাপকভাবে এমন ধারণা রয়েছে যে, দেশটির সরকার ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর প্রশ্নে আরো কঠোর অবস্থান নিতে পারে।

ডেস রোচেসের সতর্কবার্তা হল, ‘যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, এক পক্ষ কিংবা অন্য পক্ষ শেষ পর্যন্ত আবারও সংঘাতে জড়াবে।’

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে মিমির খোলামেলা মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিয়ে নিয়ে মিমির খোলামেলা মন্তব্য

টালিউডের নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্পর্ক একসময় টালিপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। তাদের সম্পর্কের সময়কাল ছিল প্রায় চার বছর। ২০১৬ সালে যখন বিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়, তখন নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এমনকি তাদের মধ্যে বিয়ের কথাও হয়েছিল। তবে বিচ্ছেদের পর সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি সম্পর্কটি নিয়ে খোলামেলা আলোচনা করেন। যদিও তিনি কখনোই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কথা বলতে স্বচ্ছন্দ ছিলেন না।

মিমি বলেন, রাজের সঙ্গে তার চার বছরের সম্পর্ক ছিল এবং তিনি সেই সম্পর্ককে সম্মান করেন। সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল— রাজের সঙ্গে কখনো বিয়ে নিয়ে কথা হয়েছিল কিনা? দীর্ঘক্ষণ চুপ থাকার পর অভিনেত্রী জানান— হ্যাঁ, তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়েছিল।

বিচ্ছেদের পর মিমি জানতে পারেন রাজের জীবনে নতুন করে বসন্ত এসেছে শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দুজনের মঙ্গল কামনা করেন। অতীতের সম্পর্ক নিয়ে তিক্ততা প্রকাশ না করে ধীরে ধীরে নিজের জীবন এবং কাজের দিকে মনোযোগ দেন মিমি চক্রবর্তী।

এ নির্মাতার সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিমি একাধিক ব্যক্তির সঙ্গে জড়িয়েছেন। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তবে এসব বিষয়ে তিনি প্রকাশ্যে খুব একটা কথা বলেননি।

২০২০ সালে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মিমি চক্রবর্তী বলেছিলেন, 'আমার জীবনে বিয়ে কী যোগ করবে? আমি বিয়ের পরিকল্পনা করছি না।' তিনি জানান, বিয়ে তার কাছে জীবনের অপরিহার্য কোনো বিষয় নয়। এমনকি নতুন কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবকাশও তখন তার ছিল না। তিনি জীবনে আর এ ধরনের জটিলতার জায়গা রাখতে চান না বলেও জানান।

সম্প্রতি মিমি চক্রবর্তীর সাতপাকে বাঁধা পড়ার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে সিদ্ধার্থ দত্তের নাম আলোচনায় এসেছে। তিনি বিনোদনজগতের কেউ নন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে জানা গেছে, মিমি চক্রবর্তীর হবু বর ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচিত। পরে কিছু সংবাদমাধ্যমে তাকে বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্ত মেরিন ইঞ্জিনিয়ার বলা হয়েছে। তবে তার পেশা সম্পর্কে প্রকাশিত তথ্যের স্বাধীন ও আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো মেলেনি। দুর্গাপূজার সময় তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় বলে জানা গেছে। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল, যা এতদিন প্রকাশ্যে আসেনি।

মিমি চক্রবর্তীর বিয়ের আয়োজন নিয়েও নেটিজেনদের মাঝে নানা তথ্য সামনে এসেছে। ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও অন্যান্য মাঙ্গলিক আয়োজন হওয়ার কথা। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমি চক্রবর্তীর মামাবাড়িতেও চলছে প্রস্তুতি।

তবে পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আত্মীয়স্বজনের মধ্যে এ নিয়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। অভিনেত্রীর মামা রাম চক্রবর্তীও আয়োজনের কথা জানিয়েছেন। তবে হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

এদিকে বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। কার্ডে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে মিমি চক্রবর্তীর তিন আদরের পোষ্য— চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পোষ্যদের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কথা ভক্ত-অনুরাগীদের অজানা নয়। তাই বিয়ের কার্ডে তাদের উপস্থিতিও নজর কেড়েছে বলে জানা গেছে।

বিয়ের খবর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেও সরাসরি কিছু বলতে চাননি মিমি চক্রবর্তী। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঘুরে বেড়ানো একটি অনুষ্ঠানে বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে বিষয়টি সম্পর্কে কিছু জানেন না— এমন ভঙ্গি করেন অভিনেত্রী। পরে তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। আমি খুব মজার মানুষ। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।

অন্যদিকে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের খবর নিয়ে মিমি চক্রবর্তী বলেছিলেন— আমি নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%