প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুতার কারখানা এবং পুরোনো কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ফলে পদ্মা রেলসেতুর একটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে সেতুর ৩৪ নম্বর পিলারের কংক্রিট খসে পড়ে এবং এর ভেতরের রড বেরিয়ে এসেছে।
নিরাপত্তার স্বার্থে, রেল কর্তৃপক্ষ ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা রেলস্টেশন সংলগ্ন প্যারাডাইস সিটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে জুতার কারখানা ও পুরনো কাপড়ের মার্কেটের মালামাল পুড়ে যায়। পদ্মা রেল সেতুর ৩৮ নম্বর পিলারের নিচে কারখানার কিছু মালামাল স্তূপ করে রাখার কারণে আগুনের তাপে পিলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে আগুন ও তাপের সংস্পর্শে থাকার ফলে পিলারের কংক্রিটের ঢালাইয়ের বিভিন্ন অংশ খসে পড়ে এবং কোথাও কোথাও কংক্রিট উঠে গিয়ে ভেতরের রড বেরিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক মো. সুবক্তগীন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সেতু নির্মাণকারী চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রকল্পের কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান জেলা প্রশাসক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন