১২:৩৯ পি.এম
থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। তবে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি জানিয়ে, বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে খায়রুল বাসার লেখেন, "আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ, দ্রুতই সেরে উঠবো। খুব বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া।"
দুর্ঘটনার খবর পাওয়ার পর যারা তার খোঁজ নিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। উদ্বিগ্নদের আশ্বস্ত করে তিনি জানান, "আমি ঠিকঠাক আছি।"
আরও পড়ুন: নিউইয়র্কের পর এবার ফ্লোরিডায় কনসার্টে গাইবেন অপূর্ব
জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান খায়রুল বাসার এবং চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি। দুর্ঘটনায় তিনিও আহত হন।
পরে শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাতায়ায় নিয়ে যান। দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ব্যথা এবং হাঁটুতে আঘাত হয়েছে। হাঁটতেও তার কিছুটা কষ্ট হচ্ছে। অন্যদিকে, মেহেদী রনির শরীরের কিছু অংশ ছুলে গেছে।

দুর্ঘটনার কারণে তাদের শুটিং বাতিল করা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব হবে না বলেও জানান খায়রুল বাসার।
আরও পড়ুন: সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন এই অভিনেতা। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।
তবে দুর্ঘটনার পরও সামনে কয়েক দিনের ভ্রমণের পরিকল্পনা রয়েছে খায়রুল বাসারের। সুস্থ হয়ে সুন্দর একটি ভ্রমণ শেষে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, "কিছুদিন এপ্রান্তে ওপ্রান্তে ঘুরবো প্ল্যান করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সাথে একটা সুন্দর ভ্রমণ শেষে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।"
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন