প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণে প্রতারণার শিকার আট শিক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। লিখিত পরীক্ষার অধিকাংশ শেষ হলেও প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারার কারণে শিক্ষার্থী ও তাদের পরিবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
গত মঙ্গলবার (৪ আগস্ট) বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত পরীক্ষা শেষে একাধিক অভিভাবক এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের একজন মো. ইমামুল হক বলেন, ‘আমার সন্তানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু কলেজের এক কর্মচারীর জালিয়াতির কারণে সে প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরে বিশেষ ব্যবস্থায় বাকি পরীক্ষাগুলো দিতে পারলেও প্রথম পরীক্ষার বিষয়ে এখনো কোনো পরিষ্কার সিদ্ধান্ত পাইনি।
এতে আমরা চরম অনিশ্চয়তায় আছি।’
কলেজ ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থী সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি। পরে গত ১২ মার্চ বিলম্ব ফিসসহ ফরম পূরণের জন্য কলেজে গেলে গ্রন্থাগারের অফিস সহায়ক অমিত কুমার সরকার তাদের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা করে নেন এবং ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন। তবে পরে শিক্ষার্থীরা জানতে পারেন, কারো ফরমই পূরণ করা হয়নি।
ফলে প্রবেশপত্র না থাকায় গত ৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে অংশ নিতে পারেননি ওই আট শিক্ষার্থী। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে বিশেষ ব্যবস্থায় তাদের ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া হয়। এরপর দ্বিতীয় পরীক্ষা থেকে তারা অংশ নিতে পারলেও প্রথম পরীক্ষায় অনুপস্থিত থাকার বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।
এ বিষয়ে আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের জানানো হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভুক্তভোগী শিক্ষার্থীদের জন্য একাধিক বিকল্প বিবেচনায় রয়েছে। তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় অভিযুক্ত কলেজ কর্মচারী অমিত কুমার সরকারের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
লিখিত পরীক্ষা শেষের দিকে এলেও প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি অমীমাংসিত থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন