০৭:৪৩ পি.এম
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একাদশ শ্রেণি ও স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। একই সঙ্গে কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কলেজের হলরুমে অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মো. শহীদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শামীমা সুলতানা ও প্রফেসর মো. জামাল উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, "শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।" তিনি আরও বলেন, "গফরগাঁওয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ-বিদেশে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিতে পারলে আমাদের উপজেলার সুনাম আরও বৃদ্ধি পাবে।"
আরও পড়ুন: নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
তিনি উল্লেখ করেন, "বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের আমলে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সরকার শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রেখেছে।" তিনি শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে উঠার কথা বলেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য বলেন, "রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন কোনোভাবেই শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত না করে।" তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, "শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে।" তিনি মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
নবীনবরণ অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী মোছা. ফাহমিদা আক্তার জুঁই বলেন, "গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের নবীনবরণ অনুষ্ঠান আমাদের কলেজজীবনের একটি স্মরণীয় দিন।" তিনি কলেজে সুন্দর ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে আগামীকাল
এছাড়া কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ছয়তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। নবনির্মিত ভবনটি কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন