০৯:৩৫ পি.এম
মাগুরার মহম্মদপুরে, মায়ের কোল থেকে আট মাসের শিশু ছিনতাইয়ের অভিযোগের দুই দিন পর, পুলিশ পুকুর থেকে রাশমিতা চক্রবর্তী নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মহম্মদপুর উপজেলার লক্ষীপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রহস্য উদঘাটনের জন্য শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লক্ষীপুর এলাকার আব্দুর শুকুর ডাক্তারের বাড়ির পাশের পুকুরে একটি বস্তু ভাসতে দেখে ফাহাদ নামের এক শিশু। প্রথমে সেটিকে পুতুল মনে করে কাছে গিয়ে উল্টে দেখে এটি একটি শিশুর মরদেহ। পরে বিষয়টি সে তার বাবাকে জানালে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তদের পেট্রল ঢেলে আগুন লাগানো
পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ শিশু রাশমিতার বলে শনাক্ত করেন।
এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকার একটি স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বাজার রাধানগর এলাকার সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী ও শিশুটির মা নন্দীতা চক্রবর্তীকে। জ্ঞান ফেরার পর তিনি দাবি করেছিলেন, দুর্বৃত্তরা তাঁকে অচেতন করে তাঁর কোল থেকে আট মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে। এরপর থেকেই শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।
এদিকে, স্থানীয় লক্ষীপুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষীপুর মোড়ে শিশুটির মাকে একা দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তিনি। ওই সময় তাঁকে ভীত ও অস্থির মনে হচ্ছিল এবং কোথায় যাবেন জানতে চাইলে তিনি রাজাপুর যাওয়ার জন্য ভ্যানের অপেক্ষায় থাকার কথা জানান। তবে ওই ঘটনার সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সন্তানের মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন বাবা সমীর কুমার চক্রবর্তী। আহাজারি করতে করতে তিনি বলেন, "আমার স্ত্রী বলেছিল, আমার শিশুকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন দেখছি আমার মনির লাশ। তোমরা আমার জীবিত মনিকে এনে দাও।" এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা পরিষ্কার জানা যাবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন